× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: হুইপ নিজান

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২১:২৯ পিএম

কমলনগর উপজেলা পরিষদ হলরুমে রবিবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কমলনগর উপজেলা পরিষদ হলরুমে রবিবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা ও সংহতির পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

কমলনগর উপজেলা পরিষদ হলরুমে রবিবার দুপুর ১টার দিকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আশরাফ উদ্দিন নিজান বলেন, “আমরা অহেতুক বিশৃঙ্খলা না করে একটি বিষয়ে একমত হতে পারি। তা হলো, ভোটের রাজনীতি ভোটের সময়েই হবে। আমার প্রতিপক্ষ বা রাজনৈতিক বিরোধীরা যদি আমার ভুলত্রুটি, অন্যায় কিংবা সীমাবদ্ধতাগুলো জনগণের সামনে তুলে ধরেন, তাতে কোনো আপত্তি নেই।”

তিনি বলেন, “আমি আমার বক্তব্য জনগণের কাছে তুলে ধরবো, ওনারাও ওনাদের কথা বলবেন। কিন্তু এর মাঝেই আমরা একসাথে চা খাবো, একই মঞ্চে সভা-সমাবেশ করবো। এরপর নির্বাচনে জনগণ যদি আমাকে পরাজিত করে, আমি আনন্দের সাথেই বলবো ‘আলহামদুলিল্লাহ’। আর যদি আমি জয়লাভ করি, তবে ওনারাও সহজভাবে তা মেনে নিয়ে বলবেন 'আলহামদুলিল্লাহ’। মূলত এভাবেই রাজনীতি এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়।”

হুইপ নিজান বলেন, “কিন্তু আমরা যদি বাধা দেই, রাস্তা বন্ধ করি কিংবা গাড়ি ভাঙচুর করি তবে তো সেটা পুরোনো সেই সহিংস রাজনীতির মতোই হয়ে গেল। তাই আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছি, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থে, দেশের স্বাধীনতা-সংহতি এবং ইসলামের পক্ষে আমাদের সুদৃঢ় ঐক্য বজায় রাখতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলেই কেবল দেশে সত্যিকারের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে।”

নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের তরুণ প্রজন্মের যারা জিপিএ-৫ পেয়েছ, সত্যি বলতে এই ফলাফলে আমি পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না। কারণ, শুধু প্রাতিষ্ঠানিক জিপিএ-৫ অর্জন করাটাই সব নয়। কোনো ছাত্র বা ছাত্রী যদি বিদ্যালয় থেকে সঠিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা না পায়, তবে সে কখনো দেশের সম্পদ হতে পারবে না। আপনারা জিপিএ-৫ পেলেন, ভবিষ্যতে ডিসি, এসপি, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হলেন কিন্তু আপনাদের মধ্যে যদি নৈতিকতাই না থাকে, তবে দেশ ও সমাজের তাতে কী লাভ?”

চলমান যুদ্ধের প্রভাব নিয়েও কথা বলেন হুইপ নিজান। তিনি বলেন, “চলমান যুদ্ধের কারণে ভবিষ্যতে আমাদের অনেক বড় অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হবে। বাস্তবতা খুব কঠিন। দেখুন, আগে যে ২০ ফিটের কন্টেইনারের শিপিং ভাড়া ছিল মাত্র ১৬০০ ডলার, তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ডলারে! আর ৭০০ ডলারের কন্টেইনারের ভাড়া পৌঁছেছে ৭ হাজার ডলারে। কন্টেইনারের ভাড়াই যদি এতো বাড়ে, তাহলে দেশের ভেতরে আসা সাধারণ পণ্যের দাম কোথায় গিয়ে ঠেকবে? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আন্তর্জাতিক এই যুদ্ধ দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।”

তিনি আরও বলেন, “যখন দেখবেন বাজারে বা ব্যাঙ্কে নতুন টাকার আধিক্য দেখা যাচ্ছে, সাধারণ মানুষের হাতে হাতে নতুন টাকা ঘুরে বেড়াচ্ছে, তখন বুঝবেন দেশের অর্থনীতি খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আর যখন দেখবেন আমলারা সরকারের তোষামোদি করে বেশি বেশি বক্তব্য দিচ্ছেন, তখন স্পষ্ট বুঝবেন যে সরকারের পতনের দিন ঘনিয়ে এসেছে।”

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “একজন শিক্ষক হিসেবে রাজনৈতিক কোনো মিছিলে অংশ নেওয়া কি আপনার মানায়? শিক্ষক যখন কোনো নির্দিষ্ট দলীয় মিছিলে নামেন, তখন অন্য মতাদর্শের শিক্ষার্থীরা তাকে আর সর্বজনশ্রদ্ধেয় শিক্ষক হিসেবে দেখতে পারে না। এতে শিক্ষক নিজেই নিজের সম্মান ক্ষুণ্ন করেন।”

তিনি বলেন, শিক্ষকদের হারানো সামাজিক মর্যাদা ও সম্মান পুনঃপ্রতিষ্ঠার জন্যই ছাত্র-জনতা রক্ত দিয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ন্যায়, ইনসাফ ও সত্যের পক্ষে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

মাদক ও অবৈধ ইটভাটা নিয়েও বক্তব্য

মাদক ও অবৈধ ইটভাটার বিষয়ে হুইপ নিজান বলেন, সমাজে দুটি বড় ব্যাধি ছড়িয়ে পড়েছে- মাদক এবং কৃষিজমি বিনাশকারী অবৈধ ইটভাটা। এগুলো প্রতিরোধে জনগণের সচেতনতা ও অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।

কমিউনিটি পুলিশিং পুনর্গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দলীয় বলয়ের বাইরে সমাজের সব শ্রেণির মানুষকে এর সঙ্গে যুক্ত করতে হবে। রাজনৈতিক দল, শিক্ষক সমাজ ও স্থানীয় জনগণ ঐক্যবদ্ধ হলে মাদক, অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

অবৈধ ও অনিয়ন্ত্রিত ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈধ অনুমোদনের অজুহাতে কোনো ইটভাটা মালিক অতিরিক্ত ওজনের যানবাহন চালিয়ে গ্রামীণ সড়ক নষ্ট করতে বা পরিবেশের ক্ষতি করতে পারেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুব এলাহি সানি, সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম।

এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের, সাবেক আমির মাওলানা হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা