প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৯:৪৫ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬ ১৯:৪৫ পিএম
ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন গোলাম পরওয়ার।
মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন না পাওয়ার পেছনে বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
একই সঙ্গে আখতারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং কারাগারে ডিভিশন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার বিকাল ৫টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর প্রতিবাদে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত উপস্থিত ছিলেন।
জামিন নিয়ে সরকারি হস্তক্ষেপের অভিযোগ
গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনা সাধারণ কোনো বিষয় নয়। সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে নির্দেশনা ছাড়া এ ঘটনা ঘটতে পারে না। জামায়াতে যোগ দেওয়ার কারণে সৃষ্ট আক্রোশ থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বিমানবন্দরের অব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে ট্রলি পাওয়া যায় না এবং লাগেজ পেতে যাত্রীদের কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়। আখতারুজ্জামান এসব অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষকে প্রশ্ন করেছিলেন। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, বিমানবন্দরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক কারণে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে করা মামলাটি জামিনযোগ্য হলেও আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।
এ ঘটনায় বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার আরও বলেন, সরকারের একজন মন্ত্রী মধ্যরাতে বিমানবন্দরে গিয়ে সেদিনের ঘটনা নিয়ে জাতির সামনে অসত্য বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন। মন্ত্রী সৎ হলে বিমানবন্দরের অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাদের প্রত্যাহার করতেন এবং মামলা করতেন।
কিন্তু তা না করে অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করা একজন কর্মকর্তাকে দিয়ে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ডিভিশন না দেওয়ায় ক্ষোভ
আখতারুজ্জামানকে আদালতে হাতকড়া, হেলমেট ও জ্যাকেট পরিয়ে হাজির করারও সমালোচনা করেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, আখতারুজ্জামান সমাজে একজন সম্মানীয় ব্যক্তি। তাকে এভাবে আদালতে হাজির করা নিন্দনীয় ও প্রতিবাদযোগ্য।
মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে ডিভিশন না দেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, আখতারুজ্জামান সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা- এ সংক্রান্ত গেজেট আদালতে উপস্থাপন করা হয়েছে।
এরপরও তাকে ডিভিশন দেওয়া হয়নি। ৭৫ বছর বয়সী আখতারুজ্জামান অসুস্থ হলেও তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলেও দাবি করেন তিনি।
অবিলম্বে আখতারুজ্জামানের ডিভিশনের আদেশ কারাগারে পাঠানোর দাবি জানিয়ে গোলাম পরওয়ার বলেন, বিচারকরা রাজনৈতিক চাপের কারণে তাকে ডিভিশন দিতে ভয় পাচ্ছেন।
এর পেছনেও রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আদালতে হামলার অভিযোগ
এদিকে আদালতে বিএনপির আইনজীবীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগও করেন গোলাম পরওয়ার।
তিনি দাবি করেন, আখতারুজ্জামানের আইনজীবীদের ওপর হামলা এবং তাকে দেখতে আদালতে যাওয়া জামায়াতের নেতাকর্মী ও স্বজনদের ওপর হামলা করা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় আদালতে যে ধরনের ঘটনা ঘটত, এখনও তার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।
আচরণের দিক থেকে কর্তৃত্ববাদী আওয়ামী ফ্যাসিবাদ এবং বিএনপির বর্তমান নেতাকর্মীদের মধ্যে কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে আন্দোলন হচ্ছে। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাও এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাকে মুক্তি না দিলে তারা ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেবেন বলেও হুমকি দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
এসব বিষয় বিবেচনায় নিয়ে মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।