জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে
জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান এখন গণমানুষের নেতা বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, “আখতারুজ্জামান সাহেব এখন আর আপনি শুধু জামাতে ইসলামের লোক নন, নেতা নন। এখন আপনি সারা বাংলাদেশের ভুক্তভোগী, নির্যাতিত সমস্ত মানুষের নেতা হয়ে উঠেছেন”।
রাজধানীর মগবাজারের মধুবাগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে রবিবার এসব কথা বলেছেন জামায়াত আমির।
তিনি বলেন, “মানুষ হিসেবে আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। আমাদের এবং উনার কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ তাও ক্ষমা করে দেন”।
আখতারুজ্জামানকে অপমান করতেই তাকে আদালতে তোলার সময় হাতকড়া-হেলম্যাট পড়ানো হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, “তার মতো একজন বিশিষ্ট নাগরিক, একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে হাতকড়া পরানো হয়েছে। তাকে অপমান করার জন্য মাথায় হেলমেট পরানো হয়েছে”।
বিমানবন্দরের কর্মীরা আখতারুজ্জামানকে উত্তপ্ত করেছে দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, “তাকে উত্তপ্ত করা হয়েছে। বাধ্য করা হয়েছে। তিনি কিছু কথা বলেছেন, হয়তো অনেকের ভালো লাগে নাই। নাও লাগতে পারে। কিন্তু যে বিষয়ে তিনি প্রতিবাদ করেছেন তা একশ ভাগ সত্য”।
এ সময় এই ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।
তিনি বলেন, “এ বিষয়টাকে দেশবাসী হালকা ভাবে নেবে না। তিনি যে প্রবাসীদের পক্ষে কথা বলেছেন তারাও এটাকে হালকা ভাবে নেবে না”।