চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২১:৪১ পিএম
পেকুয়ায় জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বিএনপি সরকার সবসময় তাদের পাশে থাকবে। একই সঙ্গে জুলাই আন্দোলনের শহীদদের পরিবার ন্যায়বিচার পাবে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, তারেক রহমানের নির্দেশে এবং সালাহউদ্দিন আহমদের পরিকল্পনায় জুলাই গণঅভ্যুত্থান ৩৬ দিনের মাথায় সফল হয়েছিল। তিনি বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানে সব শহীদ পরিবার ও আহতদের পাশে রয়েছে। জুলাইয়ের চেতনা যেন কোনোভাবে মলিন না হয় সেই বিষয়ে তিনি কাজ করছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, যারা জুলাই আন্দোলনে বিএনপির অবদান নিয়ে অনর্থক প্রশ্ন তোলেন, তাদের জন্য একটাই উত্তর, ১৬ জুলাই আত্মাহুতি দেওয়া ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরাম। ওয়াসিমের শ্রদ্ধেয় পিতার পাশে দাঁড়িয়ে ও তার কবর জিয়ারত করে নিজেকে ধন্য মনে করছি।
রাশেদ খাঁন বলেন, আপনারা জানেন, যেদিন রংপুরে আবু সাঈদ শহীদ হন, একই দিন একই সময়ে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন। শহীদ ওয়াসিমের প্রতি শ্রদ্ধা জানাতেই আমি কক্সবাজারে এসেছি। তিনি বলেন, শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদসহ যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, প্রতিটি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পেটুয়া বাহিনী অসংখ্য লাশ গুম করায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে শহীদের সঠিক সংখ্যা বের করা কঠিন ছিল। তবে জাতিসংঘ তাদের আন্তর্জাতিক মানের প্রতিবেদনে পরিষ্কারভাবে জানিয়েছে, জুলাই অভ্যুত্থানে ১ হাজার ৪০০ বা তার অধিক মানুষ শহীদ হয়েছেন।
কবর জিয়ারত ও দোয়ায় শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, থানার ওসি মেহেদী হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রাইম কাদের, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।