× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নয়ন বাধাগ্রস্ত করতে এক হয়েছে স্বৈরাচার ও গুপ্তরা: তারেক রহমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২১:৫৮ পিএম

ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বৈরাচার ও গুপ্ত দল আবার এক হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে দেশে বিশৃঙ্খলা রোধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশবিরোধী ষড়যন্ত্র সৃষ্টির পাঁয়তারায় জড়িতদের কঠোর জবাব দিতে জনগণের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। 

ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে বৃহস্পতিবার বিকালে তিন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ভাতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সমাজ কল্যাণ, কৃষি ও ধর্ম মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ ও ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪-এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে যারা পালিয়ে গেছেন এবং যারা এক দফা বলে বুলি ছুড়ছেন, তাদের কাছে প্রশ্নÑ আপনারা দেশের উন্নয়ন চান কি না? বিএনপি জনগণের সমর্থন নিয়ে দেশকে এগিয়ে নিতে চায়, আপনারা কী চান তা জনগণের সামনে পরিষ্কার করুন। 

তিনি বলেন, কিছু রাজনৈতিক দল এক দফা, এক দফা করে ঘুরে বেড়াচ্ছে, আসলে তারা কী চায় জনগণও স্পষ্ট নয়। নির্বাচনের আগে একটি দল বেহেশতের টিকিটও বিক্রি করেছিল। অথচ বেহেশত ও দোজখের মালিক কেবল আল্লাহ। তিনি উপস্থিত জনতার কাছে জানতে চান, এসব যারা করেছেন, তারা কি শিরক ও মুনাফেকি করেননি। বিগত ১৭ বছর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী মামলা-হামলা ও গুমের শিকার হয়েছেন। তারা তখন কোথায় ছিলেনÑ এ প্রশ্নও করেন সরকারপ্রধান। তারেক রহমান বলেন, তারা ৭১-এর ভূমিকায় ফিরে গেছেন, মনে রাখতে হবে মানুষ জীবন ও ইজ্জত দিয়ে দেশ স্বাধীন করেছে। ১৭ বছর দেশে গণতন্ত্রের চর্চা না থাকায় উন্নয়নের চাকা স্তব্ধ হয়ে গিয়েছিল। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মে পরিণত করতে চায় বিএনপি সরকার।

বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছেÑ দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন সময় এগিয়ে যাওয়ার। সেজন্য অনুকূল পরিবেশ ও পরিস্থিতি জরুরি। কেউ যাতে অযথা পরিবেশ ঘোলাটে করতে না পারে, এ নিয়েও জনগণকে সজাগ থাকতে হবে।

আপনারাই আমার অভিভাবক: বক্ত্যবের শুরুতে তারেক রহমান বলেন, ফেনীতে এসে আমি উৎফুল্ল। নিজের বাড়ি মনে হচ্ছে। তিনি বলেন, আমার মা নেই, বাবাও নেই। ফেনী আমার মায়ের বাড়ি, মায়ের হিসেবে আমার নানার বাড়ি। মা যেহেতু মারা গেছেন, আপনারাই আমার আপনজন, আপনরাই আমাকে দেখে রাখবেন। ফেনীবাসীই আমার অভিভাবক। তখন উপস্থিত জনতা হাত উঁচিয়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানায়।

বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন: ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন সরকারপ্রধান।

দিনব্যাপী সফরের শুরুতে দুপুর সোয়া ২টার দিকে ফেনীর পরশুরাম পৌঁছেই মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে বহু প্রতীক্ষিত মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দুপুর সোয়া ২টার দিকে সড়কপথে পরশুরাম উপজেলার ঘাটঘর এলাকায় পৌঁছেন। এ সময় নদীপাড়ে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি মাটি কেটে প্রকল্পের আওতায় একটি খাল পুনঃখননের কাজ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, একটি জনবহুল দেশে রাজনৈতিক দলের দুষ্ট লোকজন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, আর সেটিকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে। এতে দেশের উন্নয়ন ব্যাহত হলে তার দায়ভারও তাদের নিতে হবে। 

তিনি বলেন, ‘এ দেশের জনগণ যখন বিএনপি সরকারের ওপর দায়িত্ব অর্পণ করেছে, তখন সরকার তার সর্বশক্তি দিয়ে ইনশা আল্লাহ সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে।’

প্রধানমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডে শুধু দেশই নয়, বহির্বিশ্বেও বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে, অথচ তারা অন্যদের নসিহত করে বেড়াচ্ছে। বিএনপি নেতাকর্মী ও উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, এখন সময় এসেছে এদের মুখোশ উন্মোচনের।

নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী ওই রাজনৈতিক দলকে উদ্দেশ করে বলেন, দয়া করে আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন।

তারেক রহমান বলেন, দেশে অনেক রাজনৈতিক দল থাকলেও একমাত্র বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। বর্তমান সরকারের ৫ বছরের মেয়াদে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করা হবে। একই সাথে এসব কেন্দ্রে কিডনি রোগীদের ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। 

পর্যায়ক্রমে দেশের সব বন্ধ মিল-কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। 

মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন হলে বৃহত্তর নোয়াখালীর মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর ফলে নতুন করে ৩৪ হাজার হেক্টর জমি আবাদের আওতায় আসবে। 

বেগম খালেদা জিয়া মহিলা কলেজ জাতীয়করণের প্রতিশ্রুতি : পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী যান ফুলগাজীতে প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া মহিলা কলেজে। সেখানে অপেক্ষমাণ শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর নারী শিক্ষার প্রসারে প্রথম যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। ২০০১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর বিএনপি পুরো শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ শুরু করে। সেই সরকারের সময় দেশ নকলমুক্ত হয়েছিল।

এ সময় শিক্ষার্থীদের দাবির মুখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠিত মহিলা কলেজটিকে জাতীয়করণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তবে শর্ত জুড়ে দেন ভালো ও গুণগত ফলাফলের। পরে কলেজমাঠে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

এসব অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, সমাজ কল্যাণমন্ত্রী ডা. এজেড জাহিদ হোসেন, কৃষিমন্ত্রী আমিনুর রশিদ এয়াছিন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু উপস্থিত ছিলেন।

সড়কজুড়ে নেতাকর্মী-জনতার উপস্থিতি : সরকার গঠনের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার দুপুরে সড়কপথে ফেনী সফরে আসেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।

দুপুর ১টা ২৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী সদর হাসপাতাল মোড়ে পৌঁছলে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।

নারায়ণগঞ্জে মহাসড়কে নেতাকর্মীদের ঢল : প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ হয়ে ফেনী সফরে যাওয়ার সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন পয়েন্টে তাকে স্বাগত জানিয়েছেন। সকাল ৮টার থেকে দলীয় নেতাকর্মীরা মহাসড়কের সাইনবোর্ড হয়ে সোনারগাঁর মেঘনা টোলপ্লাজার কয়েকটি পয়েন্টে জড়ো হন। 

গজারিয়ায় মহাসড়কে বিপুল নেতাকর্মীর সমাগম : প্রধানমন্ত্রীর ফেনী সফরকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় জড়ো হন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রধানমন্ত্রী গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রমকালে তেতৈতলা হাঁস পয়েন্টসহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া নেতাকর্মীরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

নিমসারে হাজারো নেতাকর্মীর উপস্থিতি : প্রিয় নেতাকে একনজর দেখা ও শুভেচ্ছা জানানোর আকাঙ্ক্ষায় সকাল থেকেই যেন জনস্রোত নামে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী নিমসার বাজার এলাকায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। আয়োজকদের দাবি, প্রায় ৩০ হাজার নেতাকর্মী দুই কিলোমিটার জুড়ে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

ভূঞাপুরে কৃষক কার্ড বিতরণে ভার্চুয়ালি যোগদান প্রধানমন্ত্রীর : কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবে সাথে সাথে’Ñ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয় বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি সংযোগ হন। 

স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস ছালাম পিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানবসম্পদ লায়লা আঞ্জুমান বানু, টাঙ্গাইল জেলা কৃষি উপপরিচালক মো. আশেক পারভেজ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. দুলাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান, সহকারী পুলিশ সুপার কালিহাতী সার্কেল মো. মঞ্জুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম প্রমুখ।

(প্রতিবেদনে তথ্য সহায়তা করেছেন, ফেনী প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, নারায়ণগঞ্জ প্রতিবেদক এমআর কামাল, গজারিয়া প্রতিবেদক আল আমিন, বুড়িচং প্রতিবেদক মো. জাকির হোসেন ও ভূঞাপুর প্রতিবেদক আখতার হোসেন খান)

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা