প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২১:০১ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত
সংবিধান সংশোধনে আবারও গণভোটের কথা বলে সরকার দেশকে নতুন সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জনগণ এর জবাব দেবে বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত অদম্য মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরকারের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে- দেশে কোনো সরকার নেই। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে সরকার জনগণের আস্থা হারাতে শুরু করেছে।
তিনি অভিযোগ করে বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোটকে উপেক্ষা করে জাতির সঙ্গে প্রতারণা করছে বিএনপি। এই গণভোটের রায় না মানাকে বিএনপির ‘প্রথম ভুল’ বলেওি তিনি উল্লেখ করেন। তার দাবি, গণভোটে জনগণের যে মতামত এসেছে, তা বাস্তবায়নের পরিবর্তে নতুন করে গণভোটের আলোচনা তোলা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্বের বাইরে গিয়ে সংবিধান সংশোধনের বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা, গণমাধ্যমের ওপর হামলা এবং সাংবাদিক আহত হওয়ার পরও যদি বলা হয় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাহলে জাতি এমন বক্তব্য কোনো দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে আশা করে না।
নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের সার্বিক চিত্র ও পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটাতে হলে মেধা বিকাশের কোনো বিকল্প নেই। দেশ গঠনে তরুণ মেধাবীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বক্তব্য দেন ইবনেসিনা মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক হাসান আল বান্না ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান আজাদ।