কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন মোল্লা শওকত হোসেন বাবুল (লাল পাঞ্জাবি পরিহিত)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
এনসিপির খুলনা মহানগর ও জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা শওকত হোসেন বাবুল।
তার দাবি, তার সঙ্গে প্রায় ২০০ নেতাকর্মীও দল থেকে পদত্যাগ করছেন।
তবে নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহর ভাষ্য, প্রত্যাশিত পদ না পাওয়ায় বাবুল পদত্যাগ করেছেন।
নগরের শিববাড়ী মোড়ে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন বাবুল।
এর আগে একই দিন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর ও জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।
তিন মাসের জন্য অনুমোদিত আংশিক কমিটিকে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
নতুন মহানগর কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আহম্মদ হামীম রাহাতকে এবং সদস্যসচিব ডা. আব্দুল্লাহ চৌধুরীকে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন এস এম আরিফুর রহমান মিঠু ও গাজী শরিফুল ইসলাম ওহিদ। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শরীফ বদরুদ্দোজা মো. সাদীকে।
জেলা কমিটিতে আহ্বায়ক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ এবং সদস্যসচিব আরিফুজ্জামান উজ্জ্বল। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোল্লা শওকত হোসেন বাবুলকে।
এ ছাড়া যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ হাসান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. হাসানুর রহমান, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে জায়েদুর রহমান প্রিন্স, মো. আবু শাহাদাত বাবুল ও মো. কদরুল হাসানকে।
লিখিত বক্তব্যে বাবুল বলেন, তার সঙ্গে কোনো ধরনের মতামত বা আলোচনা না করেই তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
তিনি এটিকে অনাকাঙ্ক্ষিত ও স্বেচ্ছাচারিতা হিসেবে উল্লেখ করে কমিটি থেকে তার নাম প্রত্যাহারের দাবি জানান।
তার ভাষ্য, নির্দিষ্ট কোনো পদের প্রতি তার মোহ নেই; বরং সাংগঠনিক ভূমিকার যথাযথ মূল্যায়ন না হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দুই দিন পর তিনি এনসিপিতে যোগ দেন। এর আগে তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, খুলনা বিভাগীয় কমিটির সদস্যসচিব ও খুলনা মহানগরের সেক্রেটারি ছিলেন। গত বছর জাতীয় পার্টির পদ থেকে তাঁর পদত্যাগের খবরও প্রকাশিত হয়েছিল।
বাবুল তার অভিযোগের জন্য এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমকে দায়ী করেন।
তার দাবি, খুলনার কমিটি গঠনের ক্ষেত্রে সারজিস আলমের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল।
কমিটি প্রকাশের দুই-তিন ঘণ্টা আগে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে কথা হয় বলেও দাবি করেন বাবুল। তখন তিনি নিজের সম্মান বিবেচনা করে আহ্বায়ক করা সম্ভব না হলে কোনো পদ না দেওয়ার অনুরোধ করেছিলেন বলে জানান।
অন্যদিকে নতুন জেলা কমিটির আহ্বায়ক ফয়জুল্লাহ বলেন, কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব পদপ্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এবং বাবুলও সাক্ষাৎকার দিয়েছেন।
তার ভাষ্য, কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ার কারণেই বাবুল পদত্যাগ করেছেন, এমনটাই তিনি বুঝতে পেরেছেন।
ফয়জুল্লাহ আরও বলেন, বাবুলের পদত্যাগের বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে।
বাবুলের সঙ্গে পদত্যাগকারীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের মধ্যে বাবুলের পরিচিত ও অনুসারী কয়েকজন রয়েছেন।
তবে তারা এনসিপির সাংগঠনিক কর্মকাণ্ডে কতটা যুক্ত ছিলেন, সে বিষয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এনসিপিতে ভবিষ্যতে ফিরবেন কি না- এ প্রশ্নে বাবুল বলেন, তার দাবি মেনে সমঝোতার মাধ্যমে বিষয়টির সমাধান হলে পরে তা বিবেচনা করতে পারেন। আপাতত অন্য কোনো দলে যোগ দেওয়ার চিন্তা নেই বলেও জানান তিনি।