প্রিজনভ্যানে করে কারাগারে ফেরত নেওয়ার সময় দুই হাত দেখিয়ে ‘জং ধরা হ্যান্ডকাফে, রক্তাক্ত হচ্ছে হাত’ বলে মন্তব্য করেন পলক। ছবি: ভিডিও থেকে
আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে করে কারাগারে ফেরত নেওয়ার সময় দুই হাত দেখিয়ে ‘জং ধরা হ্যান্ডকাফে, রক্তাক্ত হচ্ছে হাত’ বলে মন্তব্য করেন সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সোমবার কারাগার থেকে আদালতে এসে হাজিরা দেন পলক।
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালতে হাজিরা শেষে তাকে কারাগারে পাঠাতে আদালতের হাজতখানা থেকে বের করা হয়। তখন তিনি দুই হাত দেখিয়ে বলেন, “জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হচ্ছে হাত”। পরে ভি চিহ্ন দেখান তিনি।
পরে তার আইনজীবী তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “দীর্ঘদিন ধরে পলক কারাগারে রয়েছেন। বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং নির্যাতন ও নিপীড়ন চালানো হচ্ছ “।
তাকে জামিন দেওয়া হচ্ছে না এবং মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলেও দাবি করে পলকের আইনজীবী বলেন, “জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত- এ কথা বলে পলক বোঝাতে চেয়েছেন যে, তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন”।
সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় আগামী ২৩ নভেম্বর নতুন দিন ধার্য করেন আদালত।
আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৫ আগস্ট গ্রেপ্তার হন পলক। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। ২০২৪ সালের ১২ ডিসেম্বর জুনাইদ আহ্মেদ পলকের বিরুদ্ধে দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, জুনাইদ আহমেদ পলক অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আট কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন।
এ ছাড়া নিজের নামে থাকা ২৫টি ব্যাংক হিসাবে মোট ৩২ কোটি চার লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা এবং ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। এসব লেনদেনের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির অর্থ মানিলন্ডারিংয়ের অপরাধ করা হয়েছে।