সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় সরব হয়েছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দুজনই নিজেদের ফেসবুক পোস্টে ঘটনাটিকে চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত করে প্রতিক্রিয়া জানিয়েছেন।
শনিবার মধ্যরাতে পৃথক ফেসবুক পোস্টে তারা এসব মন্তব্য করেন।
আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, “দেশে কি কোনো সরকার আছে? চাঁদা না দেওয়ায় ইসিবিতে জনাব সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা”।
অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে সালমান মুক্তাদিরের জুলাই আন্দোলনের সময়কার ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি লেখেন, “জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকে নীরব ছিলেন, তখন সালমান মুক্তাদির প্রকাশ্যে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন তিনি”।
তিনি আরও প্রশ্ন তোলেন, “রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী?”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি”।
পোস্টের শেষ দিকে তিনি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার নিন্দা জানান এবং দেশকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও জালিমদের হাত থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
কী ঘটেছিল সালমানের স্টুডিওতে
শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের পাশে নিউগিনি হাউজিং প্রজেক্ট এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সালমান মুক্তাদিরের অভিযোগ, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা চালানো হয়।
ঘটনার পর প্রকাশিত এক ভিডিওতে বিএনপির কর্মীদের উদ্দেশে সালমানকে বলতে শোনা যায়, “চাঁদাবাজি করো আর যাই করো, তোমাদের অবস্থান এটুকুই থাকবে। এর চেয়ে বেশি কিছু করার সাধ্য তোমাদের নাই”।
স্টুডিওর এক কর্মকর্তার দাবি, রাত সাড়ে ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল সেখানে ঢুকে ভাঙচুর শুরু করে। হামলাকারীদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে কর্মকর্তারা টয়লেটে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেও গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া স্টুডিওর সিসিটিভি ক্যামেরা, বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী ভাঙচুর এবং কিছু মালামাল লুট করে নেওয়ার অভিযোগ রয়েছে।
এদিকে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ছোরাসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।