প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৫ পিএম
তোফায়েল আহমেদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ মিয়া।
শুক্রবার বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার কাগজের মুখোশ উদ্ধারের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেছিলেন, “আমরা তিনটা দাবিতে অনবরত রাজপথে আছি। এই দাবিগুলো মানলেই তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।”
পাটওয়ারীর ওই বক্তব্যের বিষয়ে পুলিশের অবস্থান জানতে চাইলে তোফায়েল আহমেদ মিয়া বলেন, “তাহলে তাকেই জিজ্ঞাসা করতে হবে, সে এই বক্তব্য কেন দিল। অবশ্যই আমার মনে হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তা না হলে সে এই কথা বলল কেন?”
পুলিশ পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা আমি বলতে পারব না। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে তৈরি ৯ হাজার কাগজের মুখোশসহ জাহিদ হাসান ইমন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে গিয়ে ইমনের সংশ্লিষ্টতার তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়। এর ধারাবাহিকতায় শুক্রবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাগাশুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ককটেল তৈরিতে ব্যবহৃত দেড় কেজি কস্টিক সোডা, দেড় কেজি সালফার, পাঁচ কেজি মারবেল, দুই কেজি ২ ইঞ্চি তারকাঁটা, ককটেল মোড়ানোর কাজে ব্যবহৃত ২০টি লাল টেপ ও ১১টি কালো টেপ এবং কাগজের তৈরি ৯ হাজার মুখোশ উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ইমনের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ ও লালবাগ থানায় দুটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী এবং যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় তার সংশ্লিষ্টতা কীভাবে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।