সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে শুক্রবার সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংগঠনের দায়িত্বশীলদের মানবিক গুণাবলি ও উন্নত নৈতিক মানে সেরা হতে হবে।
পাশাপাশি যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়ানোর পাশাপাশি মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়ে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে শুক্রবার সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে মানবিক ও নৈতিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। আগামীতে প্রতিটি স্থানীয় নির্বাচনে যোগ্যতা, দক্ষতা ও সময়োপযোগী সিদ্ধান্তের আলোকে এগিয়ে থাকার প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, “আল্লাহর আইন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। যেসব ইসলামী দল আল্লাহর আইন চায়, সেগুলোর মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী।”
মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে তাদের মর্যাদা দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সম্মান দিয়ে কথা বলাই একটি গুরুত্বপূর্ণ কৌশল। জনসম্পৃক্ততা বাড়াতে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করতে হবে।
সংগঠনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
অবৈধ অর্থ উপার্জন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ব্যবসা-বাণিজ্য ও সব ধরনের লেনদেনে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং হারাম থেকে মুক্ত থাকতে হবে। মা-বাবার সঙ্গে সদাচরণ করতে হবে। মাকে সম্মান করতে গিয়ে স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে অপমান করা যাবে না। পরিবারের প্রতিটি সদস্যের অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষা করতে হবে।
সন্তানদের প্রতি কোমল ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সন্তান বিপথগামী হলেও তাকে অভিশাপ না দিয়ে হেদায়েতের জন্য দোয়া করতে হবে। সন্তানদের জন্য অতিচালাকি করতে গিয়ে অন্যের হক নষ্ট করলে একসময় সেই সন্তানের হাতেই লাঞ্ছিত হতে হবে। আল্লাহর বিধানের বিপরীতে গিয়ে মেয়ের ওপর ছেলেকে প্রাধান্য দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, মানুষের প্রয়োজনকে নিজেদের প্রয়োজন হিসেবে বিবেচনা করে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হতে হবে। নিয়মিত জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের মাধ্যমে নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়ন করতে হবে।
শিক্ষাশিবিরে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম দায়িত্বশীলদের নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার ওপর গুরুত্ব দেন।
মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল।
এ সময় জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, উপাধ্যক্ষ আব্দুস শাকুর ও মাওলানা আব্দুল মুকিতসহ মহানগরীর রুকনরা উপস্থিত ছিলেন।