ঝিনাইদহের নতুন হাটখোলা মসজিদে শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের ‘পুরাতন প্রেম’ আবার জাগ্রত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে জামায়াতকে নীরব ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে।
ঝিনাইদহের নতুন হাটখোলা মসজিদে শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ঝিনাইদহে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। তাই বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইবে- এমন অভিযোগের সঙ্গে তিনি একমত নন।
রাশেদ খাঁন বলেন, জামায়াতের লংমার্চ কর্মসূচিতে সরকার কোনো বাধা দিচ্ছে না।
নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, যদি কোনো ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়ে থাকে, তা জামায়াতে ইসলামী ও এনসিপির পক্ষেই হয়েছে।
তার দাবি, সাধারণ মানুষ মনে করে না যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জনগণের প্রকৃত ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেছেন।
দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
তার অভিযোগ, জামায়াত আওয়ামী লীগের লোকজনকে ‘প্রটেকশন’ দিয়ে চাঁদাবাজি করছে।
তবে বিএনপির কোনো কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার বিষয়ে শেখ হাসিনা ও জামায়াতের আমিরের বক্তব্যের মধ্যে মিল রয়েছে।
ছাত্রলীগ ও শিবির নেতাদের বক্তব্যেও তিনি একই ধরনের মিল দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেন।
বর্তমান পরিস্থিতিতে সরকারকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড সামাল দিতে হচ্ছে উল্লেখ করে রাশেদ খাঁন জামায়াতকে দেশ অস্থিতিশীল করার কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ সময় জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।