× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলমহাল দখল নিয়ে অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩১ পিএম

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিলমাকশা জলমহালের ভোগদখল ও ইজারা নিয়ে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিলমাকশা জলমহালের ভোগদখল ও ইজারা নিয়ে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিলমাকশা জলমহালের ভোগদখল ও ইজারা নিয়ে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বিলমাকশা জলমহালের ভোগদখল ও ইজারা নিয়ে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। জলমহালের ইজারা ও নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে। এর জেরে গত বছরও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, শুক্রবার দুপুরে আখড়াবাজার এলাকায় জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

কিছু সময় ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারি চলে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন বলেও জানান তারা।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত একজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আমিনুল ইসলাম বলেন, শুক্রবার দুপুর ২টা পর্যন্ত সংঘর্ষে আহত ২২ জন চিকিৎসা নিয়েছেন।

তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সংঘর্ষের বিষয়ে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন অভিযোগ করে বলেন, বিলমাকশা জলমহালটি গত বছর তিনি ইজারা নিয়েছিলেন। চলতি বছরও তিনি সর্বোচ্চ দরদাতা হয়েছেন। কিন্তু উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ ইজারা কার্যক্রমে বাধা দিচ্ছেন।

শাহিন আরও বলেন, আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে জলমহাল দখলের জন্য স্থানীয় লোকজনকে উসকে দেওয়া হচ্ছে। শুক্রবার তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তবে এস এম শাহিনের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ।

তিনি বলেন, শাহিনের সমর্থকেরাই প্রথমে তার লোকজনের ওপর হামলা চালিয়েছে। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।

এ ঘটনায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা