প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৯ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪২ পিএম
ঝিনাইদহে সাংগঠনিক সফরে গিয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলগুলোর পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হলেও সরকার জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঝিনাইদহে সাংগঠনিক সফরে গিয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, চলমান সংকট নিরসনে বিরোধী দলগুলো নিজ খরচে বিশেষজ্ঞ নিয়োগ করে তাঁদের পরামর্শ ও মতামত সরকারের কাছে প্রস্তাব আকারে দিয়েছে। তবে সরকার বিরোধী দলের সেই প্রস্তাব নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি।
সংসদের বিরোধী দলের ছায়া মন্ত্রীসভা সরকারকে সহযোগিতা করছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে।
“কিন্তু সরকার জামায়াতসহ বিরোধীদলের কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত গ্রহণ করেনি। সরকারের পক্ষ থেকে বিরোধী দলের বিরুদ্ধে অসহযোগিতা করার যে অভিযোগ তোলা হচ্ছে, তা হাস্যকর।”
বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, “আমি বলব যে, বিএনপি হলো অকৃতজ্ঞ। ২০০১ সালের নির্বাচনের পরে আধিপত্যবাদী শক্তিকে ঠেকাতে সেই সময় সার্বিক সবকিছু বিবেচনা করে আমরা পাঁচটি বছর বিএনপির সঙ্গে আমরা ছিলাম।”
তিনি আরও বলেন, “বিএনপি এখন বলছে যে জামায়াত নাকি আওয়ামী লীগকে মাঠে নামতে ইন্ধন দিচ্ছে।” আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা আঁতাতের খবর থাকলে তা প্রকাশ করারও আহ্বান জানান তিনি।
এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মিয়া গোলাম পরওয়ার।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।