× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীন-সার্বভৌম দেশে আইনশৃঙ্খলা এভাবে চলতে পারে না: শফিকুর রহমান

সিলেট অফিস

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪০ পিএম

সিলেট সার্কিট হাউসে বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

সিলেট সার্কিট হাউসে বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জ্বালানির দাম বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন পেছানো, স্বাস্থ্য খাত ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন, ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সিলেট সার্কিট হাউসে বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন শফিকুর রহমান।

জ্বালানির দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, এতে শুধু দ্রব্যমূল্য নয়, মানুষের যাতায়াত খরচও বেড়েছে। সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ছে।

বিরোধী দল রাজপথে নয়, সংসদেই সমস্যার সমাধান চেয়েছিল বলেও জানান তিনি। 

বিদ্যুৎ খাতে এক্সপার্ট টেকনিক্যাল টিম দেওয়ার প্রস্তাব সরকার গ্রহণ করেনি বলে দাবি করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, “সরকারের দায়িত্বশীল বক্তব্য দেওয়া উচিত। সরকারি দলই যদি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ভায়োলেন্স করে, তাহলে কিছু বলার থাকে না।”

তিনি আরও বলেন, “স্বাধীন-সার্বভৌম একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন পেছানোর সমালোচনা করে জামায়াত আমির প্রশ্ন তোলেন, সারাবছরই কোনো না কোনো পরীক্ষা হয়, তাহলে পরীক্ষা পেছাতে হবে কেন।

নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, কমিশনের মেরুদণ্ড শক্ত নয়, দুর্বল। জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চেয়েছিল জামায়াতে ইসলামী।

স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় নিয়েও সমালোচনা করেন শফিকুর রহমান।

হামজনিত শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, জেলা সদরের মতো উপজেলা সদরেও আইসিইউ দেওয়ার কথা বলা হচ্ছে, যা অবাস্তব। টিকা কার্যক্রম নিয়েও সমালোচনা করে বলেন, টিকা নিয়ে ‘তেলেসমাতি’ করা হয়েছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে সম্মান ও নিরাপত্তার সঙ্গে ফিরিয়ে দেওয়াই সংকটের চূড়ান্ত সমাধান।

একা বাংলাদেশের পক্ষে এ সমস্যার সমাধান সম্ভব নয়। চীন, ভারত, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় নয়; এটি একটি আন্তর্জাতিক সমস্যা। সাময়িক অর্থসহায়তা দিয়ে সংকটের সমাধান হবে না, বরং তাদের নিজ দেশে ফেরার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।

মতবিনিময়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা আমির হাবিবুর রহমান, সিসিকের জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা