বদলগাছী (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪০ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০০ পিএম
মিছিল শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফজলে হুদা বাবুল বলেন, “আমরা যদি এক থাকি সবকিছু করা সম্ভব। আমরা স্বাধীনতার ঘোষকের দল, ১৯৭৫ এর ৭ই নভেম্বরের বিপ্লবের দল, ২০২৪ এর রাজপথের দল।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা বলে আপা আসবে তাদের উদ্দেশ্যে বলতে চাই; আজ এই পবিত্র শহিদ মিনারে দাড়িয়ে বলছি, আপা (শেখ হাসিনা) আসলে শহিদ জিয়ার সৈনিকদের বুকের ওপর পা দিয়ে আসতে হবে। শরীরে এক ফোঁটা যদি রক্ত থাকে, শেখ হাসিনা আসতে পারবে না।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে।
একই সঙ্গে নেতা-কর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি পালনের নির্দেশ দেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জাকির চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।