× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপিকে হুমকি দিয়ে দাবিয়ে রাখা যাবে না: মীর শাহে আলম

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৮ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপিকে কোনো ধরনের হুমকি-ধমকি দিয়ে দাবিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মীর শাহে আলম। তিনি বলেন, বিএনপি কোনো হুমকিকে পরোয়া করে না।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০টি পরিবারের ঘর নির্মাণ ও পুনর্বাসনের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, দীর্ঘ ২০ বছর নির্যাতনের শিকার হয়েও গেরিলা ট্রেনিংপ্রাপ্ত ও দেশপ্রেমিক বিএনপির নেতাকর্মীদের মতো দল বাংলাদেশে দ্বিতীয়টি নেই।

তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতার কথা তুলে ধরে তিনি বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা এবং নেত্রীর ৩০ ডিসেম্বর ইন্তেকালের পরও কোটি মানুষের উপস্থিতি সত্ত্বেও অনেকে বিএনপির মূল শক্তি অনুধাবন করতে পারেননি।

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মীর শাহে আলম বলেন, দল হিসেবে জামায়াত অকৃতজ্ঞ। প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০১ সালে জামায়াতের দুই নেতাকে মন্ত্রিত্ব দিয়েছিলেন, যাতে তাদের গায়ে লেগে থাকা রাজাকারের তকমা দূর হয়। কিন্তু দলটির নেতারা এখন সেসব ভুলে গেছেন।

তিনি আরও বলেন, এনসিপি ও জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক পুরনো এবং ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে, যা আবার জোড়া লাগার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে তারা দেশে যে আন্দোলন করছে, তা কার্যত আওয়ামী লীগকে সহায়তা করার শামিল।

দলে মতপার্থক্য থাকলেও আগামী সাড়ে চার বছরে প্রতিটি নেতাকর্মীর যথাযথ মূল্যায়ন করা হবে এবং কাউকে হতাশ হতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মীর শাহে আলম বলেন, আগামী চার বছরে দেশের সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। ইতোমধ্যে ১৫ হাজার কৃষক কার্ড বিতরণ হয়েছে। জুনের মধ্যে আরও ৪৩ লাখ এবং আগামী পাঁচ বছরে ২ কোটি ১০ লাখ কৃষককে এই কার্ড দেওয়া হবে বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার খাল খনন, নারী শিক্ষা অবৈতনিক করা, বেকার যুবকদের স্কিল ডেভেলপমেন্ট, ১ লাখ স্বাস্থ্য আপা নিয়োগ এবং প্রতি ইউনিয়নে খেলার মাঠ তৈরির ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অতীতে বহিষ্কৃতদের অনেকেই তারেক রহমানের সিদ্ধান্তে ক্ষমা পাচ্ছেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ৫১০টি বন্যা-ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ৫৩ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। জেলা পরিষদ প্রশাসক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ আসনের সাংসদ এনামুল হক এনাম, চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া এবং যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা