× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি সংকটেও সর্বোচ্চ সরবরাহ নিশ্চিতের চেষ্টা করছে সরকার: রিজভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:১০ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ফাইল ছবি

দেশের বিদ্যমান সম্পদ ও সামর্থ্য কাজে লাগিয়ে অর্থনীতি রক্ষা এবং জাতীয় সম্পদ বৃদ্ধিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, জ্বালানি ও গ্যাস সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং জনগণের জন্য সর্বোচ্চ সরবরাহ নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার বিকেল সাড়ে ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অন্যায়, অবিচার, অত্যাচার, অনিয়ম, সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি রাজপথে থাকতে পারে। বিএনপির শক্তির ভিত্তি জনগণ। জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বিশ্বব্যাপী জ্বালানি সংকট বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। তার দাবি, বিশ্বের অনেক দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং কিউবায় ১০ থেকে ১৫ দিন ধরে বিদ্যুৎ নেই। পৃথিবীর মোট জ্বালানি তেলবাহী জাহাজের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করে উল্লেখ করে তিনি সেখানে চলমান পরিস্থিতিও বিবেচনার কথা বলেন। 

রিজভী বলেন, সংকটের মধ্যেও সরকার জনগণের কাছে সর্বোচ্চ সরবরাহ নিশ্চিতের চেষ্টা করছে। জ্বালানি ও গ্যাসের ঘাটতি হলে দেশের নিজস্ব উৎপাদন এবং পূর্বের দেশগুলো থেকে যতটুকু পাওয়া যায়, তা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। এডিবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অর্থনীতি উন্নতির দিকে যাওয়ার আভাস দিয়েছে বলেও দাবি করেন তিনি।

সরকারি ব্যয়ে বিদেশ সফরের প্রসঙ্গে রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫০ থেকে ২০০ জনের বহর নিয়ে বিদেশ সফর করতেন। বিপরীতে বর্তমান প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে ৩৫ জনের বহর নিয়ে গেছেন এবং পাঁচ থেকে ছয় দিন অবস্থান করে দেশে ফিরবেন। তার মতে, এতে দেশের প্রতি দায়িত্ববোধ ও জনগণের অর্থ সাশ্রয়ের বিষয়টি প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, বিএনপি, বিএনপি জোট ও তারেক রহমানের সরকার দেশের সম্পদ ও সামর্থ্য বাড়াতে চায়। এ লক্ষ্যেই গরিব, হতদরিদ্র ও প্রান্তিক মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকসহ দরিদ্র মানুষের উপকার হবে। রাজধানীর মধ্যবাড্ডা, কাফরুল, উত্তরা, মিরপুর ও শাহবাগে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার অপচেষ্টা প্রতিহত করতে জনগণকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের জনগণ অতীতেও ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছে; ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা