প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০০ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সঙ্গে বারবার প্রতারণার কারণেই জামায়াতে ইসলামী জনআস্থা অর্জন করতে পারেনি।
একই সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় পতিত স্বৈরাচারের পাশাপাশি বিরোধী দলের আত্মস্বীকৃত সন্ত্রাসীরাও দায়ী বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, অপপ্রচার চালিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না। এরপরও জনমনে ধোঁয়াশা ও বিভ্রান্তি সৃষ্টি করতেই বিরোধী দল বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। বিরোধী দলের কর্মসূচিতে কোনো বাধা না দেওয়াই দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান থাকার প্রমাণ বলেও দাবি করেন তিনি।
রিজভীর ভাষ্য, জনমনে বিভ্রান্তি ছড়াতেই বিরোধী দল লংমার্চ কর্মসূচি দিয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধিতে বৈশ্বিক সংকটের প্রভাব তুলে না ধরে তারা ব্যক্তিগত আক্রমণ করছে।
তিনি বলেন, বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথে আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার। এ কারণে তাদের কোনো কর্মসূচিতে সরকার বাধা দেয়নি। তবে বৈশ্বিক সংকটের প্রভাব আড়াল করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।
রাজশাহী রেলস্টেশনে হামলার প্রসঙ্গে রিজভী বলেন, একটি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সেখানে নজিরবিহীন হামলা চালিয়েছে। জনগণের সঙ্গে বারবার প্রতারণার কারণেই জামায়াত গ্রহণযোগ্যতা পায়নি; এখনও তারা একইভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে।
আলোচনা সভায় তিনি আরও বলেন, সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের রিজার্ভ বেড়েছে। ফলে চলমান সংকট কিছুটা হলেও মোকাবিলা করা সম্ভব হচ্ছে। বৈশ্বিক সংকট কেটে গেলে জনভোগান্তিও কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।