× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭ দিনে পাঁচ দেশ ঘুরছেন জামায়াতের ৩৪ এমপি

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৮ পিএম

ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামী

ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য যখন আট দফা দাবিতে লংমার্চ কর্মসূচি নিয়ে ব্যস্ত, তখন দলটির ৩৪ জন সংসদ সদস্য (এমপি) ১৭ দিনের বিদেশ সফরে রয়েছেন। তাদের সঙ্গে পরিবারের সদস্যসহ সফরকারী দলের মোট সদস্য ৭১ জন।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ এবং গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন সংকট নিরসনের দাবিতে বিরোধী দলের লংমার্চের মধ্যে এমপিদের এই বিদেশ সফর নিয়ে আলোচনা হচ্ছে। তবে জামায়াত বলছে, সফরটি পূর্বনির্ধারিত এবং দলের পরিকল্পনার অংশ হিসেবেই এমপিদের বিদেশে নেওয়া হয়েছে।

জামায়াত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরকারী ৩৪ জন এমপির মধ্যে ২৫ থেকে ২৬ জন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সাবেক এমপি মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান। এ ছাড়া লেখক জিয়াউল হকও সফরসঙ্গী হয়েছেন।

সূত্রগুলো জানায়, ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় সফরকারী দলের সদস্যরা মালয়েশিয়ায় পৌঁছেন। সেখানে তিন দিন অবস্থানের পর ১৭ সেপ্টেম্বর তারা সিঙ্গাপুরে যান। সেখান থেকে গত শনিবার ফিলিপাইনে পৌঁছেন। ২৪ সেপ্টেম্বর ফিলিপাইন থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাদের। পথে বাহরাইনে যাত্রাবিরতি রয়েছে। সৌদি আরবে ওমরাহ শেষে ৩০ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা।

মালয়েশিয়ায় সাবেক শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মালয়েশিয়া সফরের সময় জামায়াতের এমপিদের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির সাবেক শিক্ষামন্ত্রী ও রাজনৈতিক দল কেদিলান রাকাইয়াতের আন্তর্জাতিক-বিষয়ক ব্যুরোর প্রধান মাসজলি মালিক। তিনি ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ (আইএআইএস) মালয়েশিয়ার সঙ্গেও যুক্ত। ১৭ সেপ্টেম্বর নিজের ফেসবুক পোস্টে জামায়াতের এমপিদের আতিথ্য দেওয়ার কথা জানান মাসজলি মালিক। পোস্টে তিনি লেখেন, কেদিলান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ব্যুরো ও আইএআইএস মালয়েশিয়ার পক্ষ থেকে সংস্কারপন্থী রাজনৈতিক দলগুলো বিশ্বজুড়ে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু ভাবনা তুলে ধরেছেন।

সিঙ্গাপুরে সিম্পোজিয়ামে অংশগ্রহণ

মালয়েশিয়া থেকে ১৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরে পৌঁছেন জামায়াতের এমপিরা। সেখানে তারা নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সিঙ্গাপুর সফর শেষে গত শনিবার ফিলিপাইনে পৌঁছেন তারা। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দর্শনীয় স্থান ঘুরে দেখার কথা রয়েছে তাদের। ২৪ সেপ্টেম্বর ফিলিপাইন থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন সফরকারীরা। ওমরাহ পালনের আগে বাহরাইনে যাত্রাবিরতির সময় বিমানবন্দরের আশপাশের কিছু স্থান ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাদের। এরপর সৌদিতে ওমরাহ শেষে ৩০ সেপ্টেম্বরের ফ্লাইটে তারা দেশে ফিরবেন।


প্রশিক্ষণমূলক কর্মসূচি

সফরকারী দলে রয়েছেন ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, জামায়াতের আমিরের অনুমতি নিয়ে এমপিরা বিদেশ সফরে এসেছেন। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারকেও অবহিত করা হয়েছে।

সফরের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, সংসদ সদস্যদের অনেকে আগে বহির্বিশ্ব ঘুরে দেখার সুযোগ পাননি। উন্নত দেশগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি, কীভাবে সেসব দেশ উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং তাদের অর্থনৈতিক অবস্থা কেমন— এসব বোঝার জন্যই এই সফর।

পরিকল্পনার ধারাবাহিকতা

জামায়াত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শুধু এই সফর নয়, ভবিষ্যতে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে দলের সদস্যদের সফরের পরিকল্পনা রয়েছে। এসব সফরে সংসদ সদস্যদের পাশাপাশি তরুণ নেতৃত্ব ও ছাত্রসংগঠনের নেতারাও অংশ নেবেন। জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে এসব সফরে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।

জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেলের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতের পরিকল্পনার অংশ হিসেবে এর আগেও দলের অনেক সদস্য বিদেশে গেছেন। এই সফর তারই ধারাবাহিকতা। তবে এবার বিশেষভাবে এমপিদের জন্য পরিকল্পনা করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা