জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। ছবি: সংগৃহীত
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে হার্টের রিং (করোনারি স্টেন্ট) বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ রবিবার জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত নতুন মূল্য কার্যকর না করে হাসপাতালে হার্টের রিং বেশি দামে বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ পাওয়া যায়।
এর পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়, ঢাকা থেকে এ অভিযান পরিচালনা করা হয় বলেও জানান তিনি।
অভিযানকালে সম্প্রতি হার্টের রিং পরানো হয়েছে- এমন রোগীদের ক্ষেত্রে নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী লেনদেন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র দৈবচয়ন ভিত্তিতে সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম।
পাশাপাশি ভর্তি থাকা হার্টের রিং পরিহিত রোগীদের কাছ থেকে সেবা প্রদানে অনিয়ম বা হয়রানির অভিযোগ রয়েছে কি না, সে বিষয়েও তথ্য নেওয়া হয়।
অভিযানে পাওয়া তথ্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।