× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় লংমার্চের পথসভায় শফিকুর রহমানের কড়া হুঁশিয়ারি

বগুড়া অফিস

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৪ পিএম

বগুড়ায় লংমার্চের পথসভায় শফিকুর রহমানের কড়া হুঁশিয়ারি

সরকার জুলাই আন্দোলনের সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে এবং আট দফা দাবি মেনে না নিলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট- এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বগুড়া শহরের মাটিডালী বিমান মোড়ে  জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় শনিবার বিকাল ৫টার দিকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, “এই আট দফা মানা হলে এক দফার দরকার নেই। কিন্তু তা মানা না হলে এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন। আট দফা মানা না হলে এক দফার ডাক দিতে আমরা বাধ্য হব। লড়াই করে ১৮ কোটি মানুষের বিজয় ছিনিয়ে আনব।”

ঢাকা থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে যাওয়া লংমার্চের বহরটি বগুড়ায় পৌঁছালে স্থানীয় নেতা-কর্মীরা স্বাগত জানান।

মাটিডালী বিমান মোড়ের পথসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। বগুড়া থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে নেতা-কর্মীরাও লংমার্চে যোগ দেন।

গণভোটের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, “গণভোটে ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’ বলে রায় দিয়েছে। আপনারা সেই ভোট চেয়েছেন, আমরাও চেয়েছি। কিন্তু আপনারা জায়গা পরিবর্তন করলেন কেন?”

“জুলাইয়ের শহিদদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করলেও আপনারা (সরকার) জুলাইয়ের সনদ বাস্তবায়ন করেননি’, অভিযোগ ডা. শফিকুর রহমানের।

জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, সরকার এক কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলেছিল। কিন্তু এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দেওয়া হয়েছে। সারের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের সংকটও চরমে পৌঁছেছে।

বিদ্যুৎ নিয়ে জ্বালানি মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “মন্ত্রী বলেন, বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তার লম্বা বলে বিদ্যুৎ চলে যায়! এমন অবাস্তব কথা লজ্জার।”

চাকরির নিয়োগ পরীক্ষায় বৈষম্যের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, নতুন সংবিধানে লিখিত পরীক্ষার তুলনায় ভাইভার নম্বর দ্বিগুণ করা হচ্ছে দলীয় ক্যাডার ও সন্ত্রাসীদের নিয়োগ দেওয়ার জন্য। 

২০২৪ সালের আন্দোলনে তরুণেরা চাকরির অধিকার ও বৈষম্য দূর করার দাবিতে জীবন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে তারা আবারও জীবন দিতে প্রস্তুত।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ১৩ বছরের সন্তান নিখোঁজ হওয়ার দুই দিন পর মৃত অবস্থায় উদ্ধারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই। কিন্তু দুঃখের বিষয়, স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করলেও নিজের মন্ত্রণালয়ের খোঁজ রাখতে পারেন না।”

লংমার্চে অংশ নেওয়া নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এবারের লংমার্চ হয়েছে ঢাকা থেকে রংপুরের দিকে। আগামী লংমার্চ হবে পঞ্চগড় থেকে ঢাকার দিকে। কোনো হুমকি-ধমকি বা নাটকের পরোয়া আমরা করি না। জনগণের অধিকার আদায় না করে আমরা ঘরে ফিরব না।”

এর আগে লংমার্চের বহরটি সিরাজগঞ্জের হাটিকুমরুল হয়ে বগুড়ার চান্দাইকোনায় পৌঁছালে স্থানীয় নেতা-কর্মীরা স্বাগত জানান। লংমার্চে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খেলাফত মজলিসসহ ১১টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। মাটিডালীর পথসভা শেষে গাড়িবহরটি রংপুরের উদ্দেশে রওনা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা