কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪১ পিএম
কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে শনিবার দুপুরে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে গত ১৭ বছর ছেলেখেলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তার অভিযোগ, দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে দেশের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে।
কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে শনিবার দুপুরে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, এমন একটি সময় গেছে, যখন একটি জাতির জন্য শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ, সেটিকে যথাযথভাবে বিবেচনা করা হয়নি। শিক্ষাব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থী ও পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষেত্রে প্রশ্নপত্রে শুধু প্রশ্ন লেখা হয়েছে।
এর বাইরে শিক্ষার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি উল্লেখ করে রিজভী বলেন, এ ধরনের কর্মকাণ্ডের কারণে দীর্ঘ সময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান নষ্ট হয়েছে।
এর ফলে জাতির মেরুদণ্ডও দুর্বল হয়ে মানবিক মেরুদণ্ড থেকে প্লাস্টিকের মেরুদণ্ডে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এমনকি ক্ষমতাশালী জায়গা থেকে ফোন করে শিক্ষার্থীদের পাস করিয়ে দিতে চাপ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
তিনি বলেন, শিক্ষার্থীরা যেন বিশ্বের সঙ্গে মোকাবিলা করতে পারে, তাই তৃতীয় ভাষার ব্যবস্থা প্রমোট করেছেন।
শিক্ষা ব্যবস্থাকে উন্নততর শিখরে নিতে প্রধানমন্ত্রী প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল সিস্টেম চালু করেছেন এবং বিনা পয়সায় শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের পরিবেশ রক্ষায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে দেশের প্রত্যেকটি সেক্টরে উন্নয়ন শুরু হয়েছে, যা ভবিষ্যতে শিক্ষার্থীসহ দেশের মানুষ ভোগ করবে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।