বগুড়ার মাটিডালিতে পথসভার জন্য প্রস্তুত করা হচ্ছে। ছবি: সংগৃহীত
ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে শনিবার বগুড়ায় পথসভা করবে ১১ দলীয় ঐক্য। বিকাল ৩টায় শহরের মাটিডালী বিমান মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের।
বিশেষ অতিথি থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
আয়োজকদের ভাষ্য, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে।
বগুড়া মহানগর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে লংমার্চে বগুড়ার সর্বস্তরের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।