রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৭ এএম
রামগতি পৌর জামায়াত কার্যালয়ে বুধবার মাগরিবের পর আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানায় দলটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরের রামগতিতে জামায়াতে ইসলামীর দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন- বিভিন্ন মাধ্যমে প্রচারিত এমন খবরকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগতি পৌর শাখা।
দলটির দাবি,
জামায়াতের সাবেক ওয়ার্ড সেক্রেটারি হাসান উদ্দিন রাসেল বিএনপিতে যোগ দিলেও তিনি একাই
দলটিতে যোগ দিয়েছেন। তার সঙ্গে জামায়াত বা ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী কিংবা
জনশক্তি বিএনপিতে যোগ দেননি।
রামগতি পৌর জামায়াত কার্যালয়ে বুধবার মাগরিবের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে
লিখিত বক্তব্যে রামগতি পৌর জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের বলেন, গত ১২ সেপ্টেম্বর
লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতাদের একটি কর্মসূচির পর থেকে কিছু সংবাদমাধ্যমে
প্রচার করা হচ্ছে যে, ১ নম্বর ওয়ার্ডের সাবেক সেক্রেটারি হাসান উদ্দিন রাসেল দুই শতাধিক
নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তবে এই দাবির সঙ্গে বাস্তবতার বিন্দুমাত্র মিল
নেই।
হাসান উদ্দিন
রাসেলের সাংগঠনিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, রাসেল একসময় রামগতি পৌর জামায়াতের ১
নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ছিলেন। তবে প্রায় দুই বছর আগে সংগঠনের নিয়ম-শৃঙ্খলা ও সিদ্ধান্তবহির্ভূত
কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে দলের সঙ্গে তার সব সম্পর্ক ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও
বলেন, “পরবর্তীতে ২০২৫ সালের মার্চ মাসে রাসেল পুনরায় ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সঙ্গে
যোগাযোগ করে স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ
বিষয়ে সংগঠনের পক্ষ থেকে তৃণমূল নেতাকর্মীদের মতামত নেওয়া হলে তার পক্ষে কোনো সমর্থন
পাওয়া যায়নি।”
এ কারণে
তিনি ক্ষুব্ধ হয়ে বিএনপি থেকে প্রার্থী হওয়ার উদ্দেশ্যে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন
এবং গত ১২ সেপ্টেম্বর বিএনপিতে যোগদান করেন, দাবি আবুল খায়েরের।
মাওলানা
আবুল খায়ের বলেন, “হাসান উদ্দিন রাসেল বিএনপিতে যোগ দিয়েছেন এটি সত্য, কিন্তু তিনি
একাই গিয়েছেন। অথচ দুই শতাধিক জনশক্তি নিয়ে যোগদানের যে অপপ্রচার চালানো হচ্ছে, তা
সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন।”
যাচাই-বাছাই
ছাড়া রাজনৈতিক সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান তিনি।
আবুল খায়ের
বলেন, “কোনো অসত্য বা অসম্পূর্ণ তথ্য প্রচার করা হলে সাধারণ মানুষের কাছে গণমাধ্যমের
বস্তুনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই যেকোনো রাজনৈতিক সংবাদ পরিবেশনের
আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়ার জন্য সাংবাদিকদের আহ্বান জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে
রামগতি পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।