ইমরান মজুমদার ও মাসুদুল হাসান
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৭ এএম
কোলাজ: এ আই
ক্ষমতাসীন বিএনপিপন্থী আইনজীবীদের শীর্ষ নেতৃত্বের অভ্যন্তরীণ বিরোধ এবার প্রকাশ্যে রূপ নিয়েছে। সুপ্রিম কোর্টের এজলাসে সাম্প্রতিক এক ঘটনাকে কেন্দ্র করে বার সভাপতি ও অ্যাটর্নি জেনারেলের মুখোমুখি অবস্থানে সেই বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। আগস্টের শুরু থেকে অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, প্রধান বিচারপতির উপস্থিতিতে বার সভাপতির মন্তব্য এবং সাবেক বার সাধারণ সম্পাদক ও অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের বিরুদ্ধে অবস্থান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
আদালত-সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের সূক্ষ্ম বিভাজন এখন বড় ধরনের বিরোধে রূপ নিচ্ছে। এরই মধ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ‘ফ্যাসিস্ট-গুপ্ত-সুপ্ত’ নিয়োগের অভিযোগ এবং অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাংশের আন্দোলন অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনকে ২ ঘণ্টা নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখার ঘটনাও উত্তেজনা আরও বাড়িয়েছে।
চলতি বছরের ৩০ জুলাই আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে সরকার। এরপর নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে ২ আগস্ট সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে আন্দোলনকারীরা অভিযোগ করেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং অতীতে মামলা-হামলা ও কারাবরণের শিকার অনেক যোগ্য আইনজীবীকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের পরিবর্তে আর্থিক লেনদেন ও বিশেষ সুবিধার ভিত্তিতে ডিএজি ও এএজি নিয়োগ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা বিতর্কিত নিয়োগ বাতিল করে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ও যোগ্য আইনজীবীদের নিয়োগের দাবি জানান।
আইনজীবী আকতার হোসেন, শরীফ ইউ আহমেদ, আইয়ূব আলী আশরাফী, মাসুদ রানা, আশিক নজরুল, মো. ইসা, এবিএম ইব্রাহীম খলিল, আনিসুর রহমান খান, জহিরুল ইসলাম সুমন ও আনোয়ারা শিখাসহ আরও অনেকের উদ্যোগে এ আন্দোলন শুরু হয়। আন্দোলনকারী আইনজীবীদের অনেকে আগের সরকারের অধীনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োজিত ছিলেন।
১ সেপ্টেম্বর দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে প্রথম দফায় উত্তেজনা সৃষ্টি হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় হাতাহাতি ও মারামারির ঘটনায় তিন আইনজীবী আহত হন। এ সময় অ্যাটর্নি জেনারেলের ব্যক্তিগত চেম্বারেও হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সমিতি ভবনে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবিতে টানা আন্দোলন
এক মাসের বেশি সময় ধরে অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন সম্প্রতি অ্যাটর্নি প্যানেল থেকে বাদ পড়া একদল আইনজীবী। ক্ষুব্ধ এসব আইনজীবী অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লোগো ব্যবহার করে তারা অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবিতে কোর্ট অঙ্গনে লিফলেট বিলি করেছেন। এসব লিফলেট প্রতিদিনের বাংলাদেশের হাতেও এসেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সদ্য পদত্যাগী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূইয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ইটস এ কমন ফেনোমেন। আইনমন্ত্রীও বিষয়টি সংসদে ব্যাখ্যা দিয়েছেন। এজলাসে এমন ঘটনা নতুন নয়। এর আগেও হাইকোর্টের এজলাসে এমন হয়েছে। এ দুই নেতার বিরোধ নতুন নয়। খোকন ও কাজলের আগেও এ বিরোধ ছিল।
সাম্প্রতিক বিরোধ প্রসঙ্গে এক জেষ্ঠ্য আইনজীবী বলেন, বড় দলে এমন মতবিরোধ থাকে। কাজলের বিরুদ্ধে আন্দোলনের কারণ হিসেবে তিনি বলেন, যাদের বাদ দেওয়া হয়েছে, তাদের অনেকে জাতীয়তাবাদী মতাদর্শের কার্যক্রমে সক্রিয় ছিলেন। তারা অযোগ্য ছিলেন বলে মনে হয় না। বাদ পড়ার পর কারও কাছ থেকে সমাধান না পেয়ে তারা আন্দোলনে নেমেছেন।
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী দলের মধ্যে মাহবুবউদ্দিন খোকন দীর্ঘদিন আছেন। মূলত রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল হওয়ার পর থেকেই এই বিরোধ শুরু হয়েছে।
তিনি বলেন, অতীতে বহু অ্যাটর্নি জেনারেল দেখেছি, যারা রাষ্ট্রের কর্মকর্তা। তারা রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে রাষ্ট্রের ভাবমূর্তি রক্ষা করার জন্য যা যা করা দরকার, তা করেন। কিছুদিন ধরে এটার অবক্ষয় আমরা দেখছি।
বিএনপি সরকারের মনোনীত অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে দলীয় আইনজীবীদের আন্দোলনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল অফিসে তার কিছু বিরোধ আছে। সেটা আমরা মিটমাট করতে ইতোমধ্যে বসেছিলাম। বিরোধ মীমাংসা হয়নি। আমরা চাই এটা একটা অবসান হোক।
জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এখানে আইনজীবীদের মধ্যে কোনো ফাটলের বিষয় নয়। আমরা আইনজীবীরা ঐক্যবদ্ধ আছি। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেকের প্রত্যাশা অনুযায়ী অ্যাটর্নি জেনারেল অফিস কাজ করে না বলেই উষ্মা প্রকাশ করছেন। কিন্তু যারা রাজনৈতিক পুরনো সহকর্মী, তাদের রাষ্ট্রের স্বার্থ দেখতে হবে, কোনো ব্যক্তির স্বার্থ নয়।
আওয়ামী মতাদর্শের কর্মকর্তাদের অ্যাটর্নি অফিসে নিয়োগ দেওয়া হয়েছেÑ বিরোধী পক্ষের এমন অভিযোগের বিষয়ে রুহুল কুদ্দুস কাজল বলেন, সাম্প্রতিক নিয়োগ জটিলতা নিয়ে বাদ পড়া সংক্ষুব্ধ কর্মকর্তাদের বিষয়ে বলছি, আমাকে যারা নিয়োগ দিয়েছে, অন্যান্য পদে তারাই নিয়োগ দিয়েছে। এ নিয়োগ নিয়ে প্রশ্ন করা মানে সরকারের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করা।
তিনি বলেন, উন্নত পেশাদারত্ব, সততা এবং রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা থাকলে এই অফিসে দায়িত্ব পালন করবে। দলীয় পরিচয় মুখ্য নয়। শুধু স্লোগানধারী রাজনৈতিক কর্মীÑ এটা একজন ব্যক্তির নিয়োগের একমাত্র যোগ্যতা হতে পারে না।
বারের সভাপতি প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলছেন এবং তাদের পরস্পরবিরোধী অবস্থান দলের ওপর কোনো প্রভাব ফেলছে কি নাÑ এমন প্রশ্নের জবাবে রুহুল কুদ্দুস কাজল বলেন, উনি আমাদের জ্যেষ্ঠ নেতা। হয়তো আবেগের বশেই এ কথা বলেছেন। কোনো ব্যক্তিবিশেষের কর্মকাণ্ডের ব্যাপারে বিএনপির মতো একটি বৃহৎ দলের ওপর প্রভাব পড়বে বলে আমি মনে করি না।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দলীয় আইনজীবীদের মধ্যে কোনো কোন্দল আছে বলে তিনি মনে করেন না। তবে কিছু পাওয়া-না পাওয়া নিয়ে মান-অভিমান ও ভুল বোঝাবুঝি আছে। বিগত আন্দোলন-সংগ্রামে যারা ছিল না, তাদের অনেককেই বাদ দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। ত্যাগীদের নিয়োগ দেওয়া হয়নি। এ নিয়ে জাতীয়তাবাদী আইনজীবীদের মধ্যে ক্ষোভ আছে। তবে আইনমন্ত্রী, অ্যাটর্নি অফিস ও আমি বিষয়টি নিয়ে কাজ করছি। অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।