প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৩ পিএম
রাজধানীর তোপখানাস্থ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ক্ষমতা, কর্তৃত্ব ও প্রাতিষ্ঠানিক উত্তরাধিকার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে পুনঃপ্রতিষ্ঠা বন্ধসহ সাত দফা দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানাস্থ রাষ্ট্র সংস্কার
আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই দলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘র্যাব থেকে এসআরবি: কসাই
বাহিনীর পুনর্বিন্যাস, গুম-খুনের নতুন বন্দোবস্ত’ শীর্ষক আলোচনা সভা থেকে এসব দাবি
জানানো হয়।
জেএসডি'র সহ-সভাপতি মিসেস তানিয়া রবের
সভাপতিত্বে সভার প্রধান আলোচক ছিলেন রাস্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম।
আলোচক ছিলেন জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাবেক আইজিপি বাহা্রুল
আলম, জেএসডি স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ তৌহিদ হোসেন, রাস্ট্র আন্দোলনের সহ-সভাপতি
হাবিবুর রহমান রাজু, ডা.হেলালুজ্জামান, শেখ নাসির প্রমুখ।
সভয় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গীতিকবি
রাজনৈতিক বিশ্লেষক শহীদুল্লাহ্ ফরায়জী।
তিনি বলেন এখানে ‘কসাই বাহিনী’ বলতে
কোনো বাহিনীর প্রতিটি সদস্যকে বোঝানো হচ্ছে না; বোঝানো হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার এমন
এক অবক্ষয়িত ও অমানবিক রূপকে। যেখানে আইন তার নৈতিক ভিত্তি হারায়, ক্ষমতা জবাবদিহির
ঊর্ধ্বে উঠে যায়, মানবিক মর্যাদা রাষ্ট্রীয় কর্তৃত্বের কাছে পরাজিত হয় এবং নাগরিকের
জীবন ও স্বাধীনতার ওপর সহিংসতা প্রয়োগের স্বাভাবিক পদ্ধতিতে পরিণত হয়।
এই প্রেক্ষাপটে আমাদের দাবি — র্যাব-এর ক্ষমতা, জনবল, কর্তৃত্ব,
সম্পদ ও প্রাতিষ্ঠানিক উত্তরাধিকার এসআরবি নামে পুনঃপ্রতিষ্ঠা বন্ধ করতে হবে। প্রয়োজনীয়
বিশেষায়িত আইনশৃঙ্খলা সক্ষমতা পুলিশের বিদ্যমান কাঠামোর মধ্যেই গড়ে তুলতে হবে। প্রতিরক্ষা
বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষার নামে বিতর্কিত বিশেষ বাহিনীর কাঠামোতে ব্যবহার বন্ধ করতে
হবে। গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও বেআইনি আটকের প্রতিটি অভিযোগের স্বাধীন
ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন সংশোধন করে স্বাধীন
তদন্তের ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনের হাতে দিতে হবে। প্রতিটি গ্রেপ্তার, আটক ও
জিজ্ঞাসাবাদ সম্পূর্ণভাবে নথিবদ্ধ ও জবাবদিহিমূলক করতে হবে। কোনো নাগরিককে গোপন স্থানে
আটক রাখা বা আইনের বাইরে জিজ্ঞাসাবাদের সুযোগ রাখা যাবে না। সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা
প্রতিষ্ঠানের ওপর কার্যকর বিচারিক, সংসদীয় ও বেসামরিক নজরদারি নিশ্চিত করতে হবে।
প্রধান আলোচক রাষ্ট্র সংস্কার আন্দোলনের
সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, নতুন করে জিজ্ঞাসাবাদের নামে বন্দিশালা স্থাপন করা হচ্ছে।
অভ্যুত্থানের পর ছাত্রের ক্ষমতা দিয়ে অভ্যুত্থানকে কলংকিত করা হয়েছে। সরকার প্রতিদিন
জনগণের সাথে প্রতারণা করছে।
জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন
মাহমুদ স্বপন বলেন, বিচার বহির্ভূত হত্যার কারণে র্যাব নিষেধাজ্ঞাপ্রাপ্ত। অথচ সেই র্যাবকে আবার এসআরবি
নামে পূণ:প্রতিষ্ঠা করা হচ্ছে।
বাহারুল আলম বলেন, র্যাব এর চেয়ে
এসআরবিকে কোনো কোনো ক্ষেত্রে আরও শক্তিশালী করা হয়েছে। মানবাধিকার লংঘন করে এমন কোন
আইন করা যাবে না।
সভাপতির ভাষণে তানিয়া রব বলেন, রাষ্ট্রের রেগুলার বাহিনী থাকার পরও যখন বিশেষ বাহিনী গঠন করা হয় তখনই তা নিয়ে প্রশ্ন উঠে। বিএনপি সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ন্যায়সঙ্গত অধিকার উপেক্ষা করছে।