× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭ দল নিয়ে ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’ নামে নতুন জোটের আত্মপ্রকাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩ ১৯:৫৮ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩ ২১:৫৪ পিএম

গণতন্ত্র বিকাশ মঞ্চ’ নামে নতুন জোট গঠনের ঘোষণা দেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন। ছবি : প্রবা

গণতন্ত্র বিকাশ মঞ্চ’ নামে নতুন জোট গঠনের ঘোষণা দেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন। ছবি : প্রবা

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতৃত্বে ১৭ দলের সমন্বয়ে ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’ নামে নতুন আরেকটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে।

শনিবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে নতুন এ জোটের ঘোষণা দিয়েছেন এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।

এসময় এনপিপির চেয়ারম্যান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে এই জোট ৩০০ আসনে অংশগ্রহণ করবে।

দলগুলো হলো- ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ (ডিপিবি), বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্ট, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএ, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টি, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি (বিসিপি), গণমুক্তি পার্টি, বাংলাদেশ পল্লি উন্নয়ন পার্টি, বাংলাদেশ ন্যায় বিচার পার্টি, ইসলামিক ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ পার্টি, বাংলাদেশ আইডিয়াল পার্টি এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টি।

লিখিত বক্তব্যে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, ‘এনপিপি একটি নির্বাচনমুখী দল। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাস করি। আমরা দেশের উন্নয়নে বিশ্বাস করি। মৌলিক অধিকার রক্ষায় বিশ্বাস করি। ২০২৪ সালের জানুয়ারি মাসে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন লক্ষ্য রেখে ১৭টি দল নিয়ে আমরা একটি নির্বাচনী জোট করলাম। যার নাম গণতন্ত্র বিকাশ মঞ্চ।’

এনপিপির চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্র বিকাশ মঞ্চের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের রাজনৈতিক গুনগত মান পরিবর্তন করা। গণতন্ত্র বিকাশ মঞ্চ চায় সুষ্ঠু ধারার রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, সাম্যের রাজনীতি, দুর্নীতি ও মাদকবিরোধী রাজনীতি।’ 

এনপিপির প্রয়াত চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক গড়ে তোলা উল্লেখ করে ছালাউদ্দিন ছালু আরও বলেন, ‘আমরা সেই লক্ষ্যে কাজ করছি। দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সুখী সমৃদ্ধশালী উন্নত দেশ গঠনে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে কাজ করে যাবে গণতন্ত্র বিকাশ মঞ্চ।’

এদিন গণতন্ত্র বিকাশ মঞ্চের ১৮ দফা ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মো. ইদ্রিস চৌধুরী, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মণ্ডল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), ন্যাশনাল আওয়ামী পাটি-ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মো. আব্দুল হাই সরকার, এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, মো. আনিসুর রহমান দেওয়ান, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের (ডিপিবি) চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রণ্টের সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সভাপতি খাজা মহিবউল্যাহ শান্তিপুরী, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মো. শহীদুন্নবী ডাবলু, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএ’র চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির (বিসিপি) চেয়ারম্যান মো. আনিসুর রহমান দেশ, বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টির চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম মনি প্রমুখ।

শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বাধীন এনপিপি এক সময় ২০ দলীয় জোটে ছিল। তবে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০ দলের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন তিনি। যদিও এর আগে শৃঙ্খলাভঙ্গের দায়ে দল ও জোট থেকে বহিষ্কার হন তিনি।

তবে দলের অপর অংশ নিয়ে যথারীতি জোটে ছিলেন দলটির মহাসচিব ডা. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বর্তমানে এ দলের একটি অংশের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। দলটির এ অংশটি নিয়ে ড. ফরহাদ নবগঠিত জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন-যেটি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে রয়েছে।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা