গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সাম্প্রতিক কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে ক্ষমতাসীন বিএনপি। রাজনৈতিক মাঠে প্রতিদ্বন্দ্বী দলগুলোর কর্মসূচি, সাংগঠনিক তৎপরতা ও জনসম্পৃক্ত কার্যক্রমের ওপর নজর রাখছে দলটির নীতিনির্ধারকরা।
কোনো পক্ষ যাতে রাজনৈতিকভাবে বাড়তি সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি। বিশেষ করে জ্বালানি সংকট সামনে রেখে সম্প্রতি জামায়াত-এনসিপিসহ ১১-দলীয় জোটের লংমার্চ কর্মসূচিকে গভীরভাবে বিএনপির নীতিনির্ধারকরা পর্যবেক্ষণ করছেন। জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ে বিরোধীরা যাতে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে, সেজন্য সরকার ও বিএনপি সতর্ক রয়েছে। বিএনপির একাধিক নেতা প্রতিদিনের বাংলাদেশকে জানান, সাম্প্রতিক সময়ে জামায়াত ও এনসিপিসহ কয়েকটি দলের তৎপরতা দলটির নজরে এসেছে। বিশেষ করে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি, নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা এবং বিভিন্ন ইস্যুতে জনমত গঠনের উদ্যোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দলটির নেতাদের মতে, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিটি কর্মসূচির তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী সাংগঠনিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি মনে করছে, আগামী দিনের রাজনীতিতে মাঠের কার্যক্রমের পাশাপাশি জনসমর্থন ধরে রাখা এবং তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করাও গুরুত্বপূর্ণ।
এদিকে বিরোধী দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্ভাব্য রাজনৈতিক সমঝোতার বিষয়টিও বিএনপির পর্যবেক্ষণে রয়েছে। কোনো রাজনৈতিক দল বা জোট যাতে বিএনপির রাজনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জ করে অতিরিক্ত প্রভাব তৈরি করতে না পারে, সে বিষয়েও দলটির অভ্যন্তরে আলোচনা চলছে বলে জানা গেছে। বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, রাজনৈতিক প্রতিযোগিতাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখলেও দলটি নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক স্বার্থের বিষয়ে কোনো ধরনের ছাড় দিতে চায় না। একই সঙ্গে জনসম্পৃক্ত কর্মসূচি বাড়ানো এবং তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের রাজনীতিতে নতুন নতুন শক্তির উত্থান এবং দলগুলোর মধ্যে অবস্থান পুনর্বিন্যাসের কারণে বড় দলগুলোর জন্য রাজনৈতিক প্রতিপক্ষের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের তৎপরতার দিকে বিএনপির নজর থাকা আগামী দিনের রাজনৈতিক সমীকরণে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। তবে বিরোধী দলগুলোর কর্মকাণ্ড নিয়ে বিএনপির অবস্থান এবং ভবিষ্যৎ কৌশল শেষ পর্যন্ত কী রূপ নেয়, তা নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতি, দলগুলোর পারস্পরিক সম্পর্ক এবং মাঠপর্যায়ের কর্মকাণ্ডের ওপর।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, বৈশ্বিক পরিস্থিরি কারণে দেশে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। সরকার পরিস্থিতি সামাল দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে। কিন্তু বিরোধী দলগুলো জ্বালানি সংকট পরিস্থিতির ফায়দা নেওয়ার চেষ্টা করছে। সহযোগিতার পরিবর্তে বিরোধীরা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টায় লিপ্ত। বিএনপি ও সরকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, তেল, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য ইস্যুতে সরকারবিরোধী আন্দোলন স্বাভাবিক নয়। এটা ষড়যন্ত্র। আমরা এসব বিষয়ে সতর্ক আছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নানা সংকটের মধ্যে দায়িত্ব নিয়েছেন। বিশৃঙ্খল অর্থনীতি, আইন-শৃঙ্খলার অবনতিসহ দেশের পরিস্থিতি নাজুক ছিল। বিএনপি ক্ষমতায় আসার ছয় মাসে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। বিএনপি সামনের দিনগুলোতে নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণকে দেওয়া প্রতিটি ওয়াদা বাস্তবায়নে কাজ করবে।