প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৪ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ফাইল ছবি
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদারের পাশাপাশি আওয়ামী লীগের ‘নাশকতামূলক কর্মকাণ্ডের’ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে মহানগরের প্রতিটি ওয়ার্ডে নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে স্থানীয় সমস্যা চিহ্নিত ও সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
ঢাকায় এনসিপির কার্যালয়ে রবিবার আয়োজিত মেয়রপ্রার্থী ঘোষণা ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন নাহিদ ইসলাম।
সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে এনসিপি। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী করা হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনকে আরও জনবান্ধব, জবাবদিহিমূলক ও কার্যকর নগর প্রশাসনে রূপান্তরের লক্ষ্যেই এনসিপি প্রার্থী ঘোষণা করেছে। ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।
জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে নিয়মিত ও সার্বক্ষণিক যোগাযোগ রাখার ওপরও গুরুত্ব দেন এনসিপি আহ্বায়ক। এসব পরিবার যাতে প্রয়োজনীয় সহযোগিতা ও রাজনৈতিক সমর্থন পায়, সে বিষয়ে নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে ‘পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার’ বিষয়ে কড়া নজরদারি রাখার জন্য নেতাকর্মীদের সতর্ক করেন নাহিদ ইসলাম। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং স্থানীয় নাগরিকদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোরও নির্দেশনা দেন তিনি।
মতবিনিময় সভায় মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাড়াও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে রাজধানীর স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার পাশাপাশি ওয়ার্ড পর্যায়েও নির্বাচনী প্রস্তুতি শুরু করল এনসিপি।