প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫২ পিএম
ফেনীর ফরহাদনগরে রবিবার দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবি: বাসস
শেখ হাসিনার শাসনামলে বিরোধী দল ও মতের মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকারও ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রবিবার দুপুরে ফেনীর ফরহাদনগরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “আমরা একটি অন্ধকার সময় পার করে এসেছি। যারা বিরোধী শক্তিতে ছিলেন, যারা বিরোধী দল করতেন, তাদের বেঁচে থাকার অধিকার ছিল না। সুস্থভাবে জীবনযাপন করার অধিকার ছিল না। বাইরে বের হয়ে নিরাপদে বাড়ি ফিরে ঘুমাতে পারবেন কি না, সেই নিশ্চয়তাও ছিল না।”
তিনি অভিযোগ করেন, ক্ষমতা পাকাপোক্ত করতে শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীসহ শিশু ও শিক্ষার্থীদের হত্যা করতেও দ্বিধা করেননি। বছরের পর বছর দেশে গুম-খুন চলেছে বলেও দাবি করেন তিনি।
রিজভী আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের বিভিন্ন প্রান্তে পুলিশ ও র্যাবের হাতে মানুষের রক্ত ঝরেছে। সেই নির্মমতারই শিকার হয়েছেন শহীদ যুবদল নেতা হারুনুর রশীদ।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে হারুনুর রশীদের পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন রিজভী। তিনি বলেন, পুলিশের গুলিতে নিহত হারুনুর রশীদের পরিবারের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব। তারেক রহমানের নির্দেশনায় পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য রফিকুল আলম মজনু, অধ্যাপক জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার আশ্রাফ উদ্দিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, বেলাল আহমেদ ও মোকছেদুল মোমিন মিথুনসহ অনেকে পরে রিজভী হারুনুর রশীদের কবর জিয়ারত ও বাড়ি পরিদর্শন করেন। পরিবারের সদস্যরা নতুন ঘর পেয়ে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং হত্যায় জড়িত পুলিশ সদস্যের দ্রুত বিচার দাবি করেন।
হারুনুর রশীদের পরিবারের নতুন বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০২৬ সালের ১২ এপ্রিল। এর আগে ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশীদ।