প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৭ পিএম
সদর উপজেলার তেঁতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার শিক্ষার্থী-অভিভাবকদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগ আর কখনও রাজনীতিতে ফিরতে পারবে না। নিষিদ্ধ দলের নেতারা আর দেশে ফেরার সুযোগ পাবেন না বলেও মন্তব্য করেন তিনি।
সদর উপজেলার তেঁতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার শিক্ষার্থী-অভিভাবকদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণ আওয়ামী লীগকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। এমনকি শেখ হাসিনা মারা গেলেও তার লাশ দেশে ফিরিয়ে আনার মতো শেখ পরিবারের কোনো সদস্য আর অবশিষ্ট নেই।
জ্বালানি সংকট প্রসঙ্গে রাশেদ খাঁন জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের সমালোচনা করেন।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের ঘাটতি এখন একটি জাতীয় সমস্যা, যা সমাধানে সরকার ও দলগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। কিন্তু জামায়াত সংকট সমাধানে সহায়তার হাত না বাড়িয়ে লংমার্চের নামে ‘লংড্রাইভ’ শুরু করেছে।
১৯৯৬ সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জামায়াত যেভাবে আওয়ামী লীগকে পাশে টেনেছিল, জ্বালানি সংকটকে পুঁজি করে তারা একইভাবে অপশক্তিকে আবারও মাঠে নামার সাহস জোগাচ্ছে বলেও দাবি করেন তিনি।
জামায়াত নেতা ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের মন্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাসুদ নিজেকে বিরাট শক্তির অধিকারী বা ‘হ্যাডমওয়ালা’ দাবি করে বলেছেন, তার শক্তির খবর নাকি শেখ হাসিনাও জানতেন।
রাশেদ খাঁনের দাবি, জামায়াত নেতারা সেনাবাহিনী কিংবা কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে মানতে চান না। তাদের চালিকাশক্তি হলো একটি ‘গুপ্ত বট বাহিনী’। এই সাইবার বাহিনীকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা রাজনৈতিক দলের নেতাদের চরিত্রহননের নিকৃষ্ট খেলায় মেতে উঠেছেন।
মাঠপর্যায়ে সার সংকট ও কৃষকদের দুর্ভোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, দেশে বাস্তবে সারের কোনো ঘাটতি নেই। বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামলে নিয়োগ পাওয়া অসাধু ডিলাররা কৃত্রিমভাবে গুদামে সার মজুদ করে সংকট তৈরি করছে। সরকার দ্রুত এসব ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সার সরবরাহের কাঠামো পুনর্গঠন করবে। একই সঙ্গে সংকট চলাকালে কৃষকদের ধৈর্য ধরার অনুরোধ জানান তিনি।
এর আগে সকাল ১০টায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাশেদ খাঁন।
এ সময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।