প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫১ পিএম
রাশেদ খানের বক্তব্য চলাকালে লোডশেডিং। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ বিভ্রাটের (লোডশেডিং) মুখে পড়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তবে এমন পরিস্থিতিতে অপ্রস্তুত না হয়ে তিনি স্বভাবসুলভ ভঙ্গিতেই বক্তব্য সংক্ষিপ্ত করে পরিস্থিতি সামাল দেন।
শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা মিলনায়তনে (অডিটোরিয়াম) স্থানীয় বিএনপির উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, সন্ধ্যায় নেতা-কর্মীদের উপস্থিতিতে সভা চলাকালে বক্তব্য দিতে মঞ্চে ওঠেন রাশেদ খাঁন। তিনি বক্তব্য শুরু করার কিছুক্ষণের মধ্যেই মিলনায়তন বিদ্যুৎহীন হয়ে পড়ে।
এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, “এটা তারেক রহমানের বিএনপি, রাশেদ খানের বিএনপি কাউকে করা লাগবে না। আপনাদের উদ্দেশে কথা বলব, তার আগেই বিদ্যুৎ চলে গেল।”
পরে দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমার কথা একটাই—এখানে আপনারা সবাই একতাবদ্ধ হয়ে বিএনপি করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।” এই সংক্ষিপ্ত বক্তব্যের পরই তিনি মঞ্চ ত্যাগ করেন।
এদিকে বক্তব্য চলাকালে লোডশেডিংয়ের এই মুহূর্তটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে নানা আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।