বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে কথা বলেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না। বিএনপি সরকার কথা দিয়ে কথা রাখছে না। এই সরকার স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে। গণভোটের রায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কাউন্সিলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার সংস্কার থেকে সরে গেছে। পিএসসিতে ভাইভার নম্বর বাড়িয়ে দিয়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার আমলে ছিল কোটা প্রথা, আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তৈরি করছেন ‘ভাইভা কোটা’।
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম। নির্বাচনে তিনটি পদে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে আবু বাকের মজুমদারের প্রতিদ্বন্দ্বী ছিলেন সদ্য বিদায়ী সিনিয়র সহ-সভাপতি মাহফুজ খান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ঢাবি শাখার সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি লিমন হাছান ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মো. সিয়াম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী এবং মো. জহিরুল ইসলাম।
ঢাবি ছাত্রশক্তির নেতৃত্বে হাসিব ও আইয়াম
অন্যদিকে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফেরদৌস আইয়াম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জহির রায়হান রিপন।
সভাপতি পদে হাসিব আল ইসলামের প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. মহিউদ্দিন ও সাকিবুল হাসান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ফেরদৌস আইয়াম ও মোহাম্মদ সাকিব। আর সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।