বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৭ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৬ পিএম
আবু বাকের মজুমদার ও তাহমীদ আল মুদাসসীর চৌধুরী। ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলরদের সরাসরি ভোটে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাহমীদ আল মুদাসসীর চৌধুরী। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।
শনিবার দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথমবারের মতো জাতীয় ছাত্রশক্তির এই জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে আবু বাকের মজুমদারের প্রতিদ্বন্দ্বী ছিলেন সদ্য বিদায়ী জ্যেষ্ঠ সহসভাপতি মাহফুজ খান।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন কেন্দ্রীয় সহসভাপতি লিমন হাছান ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান।
অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী আবু তৌহিদ মো. সিয়ামের (উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক) প্রতিদ্বন্দ্বী ছিলেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী ও মো. জহিরুল ইসলাম। এই পদে শ্যামলী সুলতানা জেদনী ছিলেন একমাত্র নারী প্রার্থী। তিনি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের স্ত্রী।