প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৬ পিএম
নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকের শুরুতে বিরোধীদলীয় নেতা নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসে গভীর শোক প্রকাশ করেন। এ সময় তিনি রাষ্ট্রদূতের কাছে নেপালের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চান।
সহানুভূতি প্রকাশ করায় বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা জানান নেপালের রাষ্ট্রদূত। প্রাকৃতিক দুর্যোগের শুরু থেকেই বিরোধীদলীয় নেতার আন্তরিক তৎপরতা ও শোকবার্তা পাঠানোর কথা উল্লেখ করে তিনি তাকে ধন্যবাদ জানান। এ সময় নেপালে চলমান উদ্ধার তৎপরতা, মানুষের দুর্ভোগ, ভূমিধসজনিত ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন রাষ্ট্রদূত।
এর জবাবে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর নেপালের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেপালের পাশে সর্বতোভাবে থাকার আশ্বাস দেন।
বৈঠকে আমীরে জামায়াতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।