মেঘমল্লার বসু। ছবি: ফেসবুক থেকে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, গতকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং বর্তমানে তেমন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ মেডিক্যাল অফিসার চিকিৎসক হাসান আল বান্না বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানান, মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
তিনি বলেন, “গতকাল থেকেই তার অবস্থার অবনতি হয়েছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। তবে তেমন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি”।
এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকালে মেঘমল্লার বসুকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে নেওয়া হয়।
তার বন্ধুদের ভাষ্যমতে, সোমবার রাতে মেঘমল্লার বসুর ফেসবুক অ্যাকাউন্টে একটি আত্মহত্যার নোট প্রকাশিত হয়। সেখানে তিনি ব্যক্তিগত হতাশা, অপরাধবোধ, পারিবারিক বিষয় এবং রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। একই সঙ্গে সাবেক প্রেমিকাকে তার মৃত্যুর জন্য দায়ী না করা এবং তার মা ও পরিবারের প্রতি খেয়াল রাখার জন্য বন্ধু ও সহযোদ্ধাদের অনুরোধ করেন।
ফেসবুকে ওই পোস্ট প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তার সন্ধানে বের হন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করেন।
মেঘ মল্লার বসুর এক বন্ধু তমা বলেন, “আমি তার ফেসবুক পোস্টটি দেখে খুবই চিন্তায় পড়ে যাই এবং সকল বন্ধু-বান্ধবদের কাছে ফোন দিয়ে তার খবর সম্পর্কে জানতে চাইলেও কেউ তার খবর দিতে পারছিল না। পরে আমাদের ক্যাম্পাসের এক বড় আপুর (দোলা)ফেসবুক পোস্ট থেকে জানতে পারি মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়েছে। তিনি বেশ কিছুদিন থেকেই বেশ হতাশাগ্রস্ত ছিলেন বিভিন্ন বিষয় নিয়ে”।
মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, চিকিৎসকরা মেঘমল্লার বসুকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন মনে করেছেন। বিকালের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়।