বিবিসি বাংলা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৭ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৩ পিএম
বাংলাদেশের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বাঁয়ে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামে ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্যপদ শূন্য হওয়া ইস্যুতে জাতীয় সংসদে নাটকীয় বিতর্কে জড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিষ্কৃত এই এমপির আসন শূন্য করতে স্বরাষ্ট্রমন্ত্রী ‘বিনামূল্যে বুদ্ধি’ দিলেও জামায়াত আমির সেটিকে ‘টিপস’ হিসেবে অভিহিত করে নিজের অবস্থানে অনড় থাকেন।
গত জুলাই মাসে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর তার সংসদ সদস্যপদ শূন্য করার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেয় দলটি। তবে সম্প্রতি তাকে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হলে বিতর্কের সূত্রপাত হয়।
সোমবার সংসদ অধিবেশনে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে, মাননীয় স্পিকারকেও চিঠি দিয়েছে...তার সদস্য পদ শূন্য করার জন্য। এখানে বিধি মোতাবেক দল থেকে বহিষ্কার হলে তার পদ শূন্য হয় না, ১৭ অনুচ্ছেদ সেখানে আসে না, যদি তিনি নিজে পদত্যাগ না করেন।”
বাংলাদেশের আইন অনুযায়ী, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে বা বিরত থাকলে সংসদ সদস্য পদ শূন্য হয়ে যায়।
সেই প্রসঙ্গ টেনে জামায়াতের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, “আপনারা যদি সত্যি সত্যিই চান যে তার আসনটি শূন্য হোক, তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে দলের পক্ষে ভোট দেয় নাই আপনাদের? এবং ভোট দানে বিরত ছিল। সেই জায়গায় ৭০ অনুচ্ছেদ কিন্তু আসে।
“সেই জায়গায় কগনিজেন্সি নিয়ে যদি আপনারা স্পিকার বা নির্বাচন কমিশনে চিঠি দেন, আমরা সেই হিসেবে বিধি মোতাবেক সাংবিধানিকভাবে সহযোগিতা করতে পারি। এই বুদ্ধিটা বিনা পয়সায় দিলাম” বলেন তিনি।
এরপর বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এর জবাবে বলেন, “গ্রামে একটা কথা চালু আছে, কোনো দুর্বল মানুষের ওপর প্রতিশোধ নিতে হলে তাকে মেম্বার হিসেবে দাঁড় করিয়ে দাও। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আমাদের এরকম কিছু টিপস দেন, আমরা সেটা এঞ্জয় করি। এইজন্য সেদিন বলছিলাম, উনি থাকলে সংসদ প্রাণবন্ত হয়, সেটা হোক পজিটিভ বা নেগেটিভ। কিছু একটা হয়।”
গাজী নজরুল ইসলাম প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, “আমরা এখন তাকে ফ্লোর ক্রসিং-এর কথা বলবো কেন? আমরা তো তাকে বহিষ্কার করেছি। আমরা তো সেটা বলতে পারি না যে তিনি আমাদের দলের সদস্য হয়ে ফ্লোর ক্রসিং করেছেন। আমাদের সিদ্ধান্ত ভায়োলেট করেছে। তবে আমরা আগেই অনাপত্তি বলেছিলাম, যেহেতু আমাদের কোর্টে আসে নাই।
“কিন্তু মহান জাতীয় সংসদের মতো একটা প্রেস্টিজিয়াস হাউজে, যাকে আমরা নৈতিক কারণে বহিষ্কার করে চিঠিও দিয়েছি, কোনো কমিটিতে না রাখাটা উত্তম ছিল। সেটা নৈতিকতার দিক থেকে বেটার। কিন্তু এখন রিথিংক করার সুযোগ আছে। কারণ বিভিন্ন সময় পুনর্মূল্যায়ন হয়, অদলবদল হয়, ড্রপ হয়, অ্যাড হয়। আমি মনে করি, নৈতিকতার দৃষ্টিকোণ থেকে এটা একতা এক্সাম্পল হবে যদি ওনাকে কোথাও না রাখা হয়।”
পরবর্তীতে বিরোধী দলের আপত্তির কারণে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি থেকে গাজী নজরুল ইসলামের নাম বাদ দিয়ে স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়।