প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। ছবি: বাসস
সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সবসময় আপসহীন, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘জিয়া স্মৃতি বইমেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার দুপুরে তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে মাহ্দী আমিন বলেন, “শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আধুনিক রাষ্ট্রদর্শন ধারণ করে মেধাভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে”।
ছাত্রদলের মতো দেশপ্রেমিক ছাত্র সংগঠন পাশে থাকলে বাংলাদেশের অগ্রযাত্রা কোনো অপশক্তিই রুখতে পারবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মাহ্দী আমিন বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপিই একমাত্র দল, যা দেশের প্রতিটি জাতীয় সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে। গণতন্ত্র যখনই বিপন্ন হয়েছে, বিএনপিই তা পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে”।
তার দাবি, জিয়াউর রহমান বাকশাল-পরবর্তী বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন এবং বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের অবসান ঘটিয়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর তারেক রহমানের নেতৃত্বে আবারও গণতান্ত্রিক বাংলাদেশ সুসংহত হচ্ছে।
বাক্স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, “জিয়াউর রহমান বন্ধ থাকা গণমাধ্যম উন্মুক্ত করে সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। পরে বেগম খালেদা জিয়ার শাসনামলে উন্মুক্ত গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তির সুফল পেতে শুরু করে দেশ। তবে বাক্স্বাধীনতার নামে অপপ্রচার, অশালীনতা ও মিথ্যাচারের বিরুদ্ধে আইন নিজস্ব গতিতে কঠোর ব্যবস্থা নেবে”।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তার বক্তব্য, বিএনপি ক্ষমতায় থাকলে নতজানু নীতি পরিহার করে স্বাধীন ও সার্বভৌম অবস্থান বজায় রাখে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সার্ক ও ওআইসিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্র সংস্কারে বিএনপির ভূমিকা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, “শহীদ জিয়ার ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ এবং তারেক রহমানের ২৭ ও ৩১ দফার ধারাবাহিকতায় আধুনিক ও স্বাবলম্বী বাংলাদেশের পথরেখা তৈরি হয়েছে”।
তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ৪২০ জনের বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন; এর মধ্যে ছাত্রদলেরই ১৪০ জনের বেশি নেতাকর্মী রয়েছেন। তার ভাষায়, এটিই বিএনপির রাজনীতির মাহাত্ম্য ও ছাত্রদলের শক্তি।
বাংলাদেশি জাতীয়তাবাদকে ব্যাখ্যা করে তিনি বলেন, “ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি ও মত-পথের ভিন্নতা ভুলে সবার সমান অধিকার, মানবিক মর্যাদা, বাক্স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সুবিচার নিশ্চিত করাই এ দর্শনের মূল কথা”।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা।