প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২২ ১৬:৫০ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২২ ১৭:১৬ পিএম
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। বিএনপির একটি সূত্র জানিয়েছে, বুধবার রাতে হঠাৎই তিনি জ্বরে আক্রান্ত হন। তবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (১৮ আগস্ট) প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, ‘বিএনপি চেয়ারপারসন অসুস্থ নন। সুস্থ আছেন।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসকদের নিয়মিত চেকআপে রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডাক্তার জাহেদ তার নিয়মিত খোঁজখবর রাখছেন।’
বিএনপির সূত্র জানায়, খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরের তাপমাত্রা ওঠানামা করছে এবং ডায়াবেটিসও আগের চেয়ে বেড়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হতে পারে।
তবে এ বিষয়ে জানতে চাইলে ডা. এ জেড এম জাহিদ হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘তার জ্বর হয়েছে কি না আমি জানি না। তবে তিনি চিকিৎসকদের নিয়মিত চেকআপের মধ্যে আছেন। তার জন্য নির্ধারিত মেডিকেল বোর্ড রয়েছে। তারা নিয়মিত তাকে পর্যবেক্ষণ করছেন।’
হাসপাতালে নেওয়া হতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হাসপাতালে নেওয়ার মতো তো পরিস্থিতি হয়নি।’
সম্প্রতি করোনা ও অন্যান্য জটিলতার কারণে কয়েক দফা হাসপাতালে যেতে হয়েছে বিএনপির চেয়ারপারসনকে। গত জুন মাসে দুই সপ্তাহ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন তিনি।
প্রবা/রাই