ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে শনিবার বিকালে ফেনীর পথসভার মঞ্চে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে না পারলে বিএনপিকে ১১ দলীয় জোটের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, "আপনাদের (সরকার) দাবি- সারাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অলরেডি কাজ দিয়েছে। অনেকে বলছে, আইনশৃঙ্খলা ধ্বংস হয়ে... কী ব্যবস্থা? চোর তাড়ানোর ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের। আপনাদের যেটা কাজ আপনারা সেটা করেন। আমরা আমাদের কথা বলছি, অধিকার-আন্দোলন-সংগ্রাম-জনগণের কথা আমরা বলছি, এটা আমাদের কাজ। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আপনাদের, আপনারা সেটা বজায় রাখেন। আর যদি না পারেন, তাহলে ১১ দলীয় জোটের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যান।"
ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে শনিবার বিকালে ফেনীর পথসভায় তিনি এসব কথা বলেন।
ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারী আবদুর রহীমের সঞ্চালনায় এই পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় আসিফ আরও বলেন, “আমরা দেখছি যে, এই সরকার গঠনের পর থেকেই সরকারের বিরুদ্ধে বললেই, সরকারের বিরুদ্ধে ফেসবুকে কিছু লিখলেই, একটা ছেলে... যেই বিষয়ে সে কথা বলেছে... যে আমাদের এলাকায় ৩-৪ দিন বিদ্যুৎ থাকছে না... আমরা কি ৫ দিন বিদ্যুৎ পেয়েছি? না। আমরা কি গ্যাস পাচ্ছি? না। আমরা কি সার পাচ্ছি, কৃষক কি সার পাচ্ছে? না। তো এই ছেলেটা যে কথাটা বলেছে, সেটা সত্য কথা। আপনারা যদি গ্রেপ্তার করেন এই কথা বলার জন্য, তাহলে দেখা যাচ্ছে সবাইকে গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশের সকল মানুষকে গ্রেপ্তার করতে হবে।”
তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাক স্বাধীনতা হরণ করে ফ্যাসিবাদী কায়দায় যাবেন না। সেই কায়দায় যারা গিয়েছে, তাদেরকে যেতে যেতে দিল্লি পর্যন্ত যেতে হয়েছে। সুতরাং জনগণ কথা গতকালকেও বলেছে, আগামীকালও বলবে। কোনো বাধায়, কোনো ষড়যন্ত্রে জনগণের সত্য কথা বলা বন্ধ হবে না।"
এছাড়াও পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লিবারেল ডেমোক্র্যেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও জামায়াতের ফেনী-১ আসনের সংসদ প্রার্থী এডভোকেট কামাল উদ্দিন।
ফেনীতে পথসভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রাওয়ানা হন।