রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। ছবি: বিএনপি মিডিয়া সেল
দলের ভেতরে ও বাইরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে দাবি করে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সরকারের উন্নয়নমূলক ও প্রশংসনীয় কর্মকাণ্ড কিছু অসাধু ব্যক্তির আচরণ ও নেতিবাচক কর্মকাণ্ডের কারণে ম্লান হয়ে যাচ্ছে। দল ও দেশের স্বার্থে বিষয়টি কঠোরভাবে নজরে রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব কথা বলেন মির্জা আব্বাস।
মির্জা আব্বাস বলেন, “আজ একটি কথা পরিষ্কার করে বলতে চাই- এই দলের বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন। আপনি অনেক উদার, কিন্তু সবসময় সব জায়গা বা সব মানুষ একরকম হয় না”।
তিনি বলেন, “অনেক নেতা-কর্মী প্রধানমন্ত্রীর সামনে ভালো কথা বললেও আড়ালে ভিন্ন ধরনের আচরণ করেন”।
এ বিষয়ে নেতৃত্বকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
তারেক রহমানের উদারতার প্রশংসা করে মির্জা আব্বাস বলেন, “সব সময় এবং সব ক্ষেত্রে উদার হওয়া সম্ভব নয়। তাঁর ভাষায়, “আপনি ইতোমধ্যে অনেক ভালো কাজ করেছেন। কিন্তু বাস্তব সত্য হলো- আপনার এসব মহৎ কাজগুলো কিছু খারাপ লোকের আচরণ ও মন্দ কথায় ধ্বংস হয়ে যাচ্ছে। দল ও দেশের স্বার্থে আপনাকে এই বিষয়টি কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে”।
রাজনৈতিক ষড়যন্ত্রের প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরে মির্জা আব্বাস সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, “রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাভাবিক মৃত্যু হয়নি”।
একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তাকে সরাসরি হত্যা করা হয়েছে এমন কথা বলছি না, তবে যেভাবে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতার মধ্যে মৃত্যুর দিকে এগিয়েছেন, তা কারও কাম্য ছিল না”।
আবেগাপ্লুত কণ্ঠে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে মির্জা আব্বাস বলেন, “এই দলকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। দলের ৪৮ বছরের পথচলায় অনেক কিছু হারিয়েছি, কিন্তু কোনোদিন প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মিস করিনি। সেই ভালোবাসা থেকেই আজ এখানে আসা”।
তিনি তৃণমূলের নেতা-কর্মীদের সঠিক তথ্য প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে দলের ঐক্য অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, “নেতাকে ফাঁকি দেওয়া মানে নিজেকে, দেশকে ফাঁকি দেওয়া”।
দলের ভেতরে ও বাইরে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি নেতৃত্বের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।