ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০১ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৩ পিএম
ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের শনিবার বিকালে ফেনীর পথসভায় বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিএনপি রাজপথে ও নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করলে দেশে আবারও ‘যুদ্ধের পরিস্থিতি’ তৈরি হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের শনিবার বিকালে ফেনীর পথসভায় তিনি এসব কথা বলেন।
মঞ্জু বলেন, “বিএনপি রাজপথে থেকে আমাদের সঙ্গে যে ওয়াদা করেছে, নির্বাচনের পূর্বে যে ওয়াদা করেছে, সেই ওয়াদা রক্ষা না হলে সারা দেশে আবার যুদ্ধ হবে। আমরা আর কোন যুদ্ধ চাইনা, আপনারা আপনাদের ওয়াদা পূরণ করুন।”
তিনি বলেন, “আমরা বাংলাদেশে আন্দোলন-সংগ্রামের সব ইতিহাস জানি। আমরা এখন লংমার্চ দিয়ে শুরু করেছি। জনগণের স্বার্থে প্রয়োজন হলে আমরা ঢাকাও ঘেরাও করতে জানি। কিন্তু আমরা এই মুহূর্তে ঢাকা ঘেরাও করতে চাই না। আমরা পথে পথে বিভিন্ন জায়গায় যাচ্ছি, মানুষের কাছে দাওয়াত দিচ্ছি।”
জনগণের উদ্দেশে তিনি বলেন, “অন্যায়ের বিরুদ্ধে আপনারা ঘুমিয়ে থাকবেন, নাকি জাগ্রত হবেন? আমাদের প্রত্যেকের আলাদা নাম ও পরিচয় আছে। কিন্তু কেউ যদি আমাদের অধিকার হরণ করতে চায়, মিথ্যা কথা বলে প্রতারণা করে, তখন আমরা আমাদের পরিচয় ভুলে একেকজনের নাম হয়ে যাব—শরীফ, ওসমান হাদী, আবু সাঈদ।”
তিনি আরও বলেন, “আমাদের সঙ্গে চুক্তি করা হয়েছিল—সংবিধান সংস্কার করা হবে। বলা হয়েছিল, বিদ্যুতের দাম বাড়ানো হবে না। বলা হয়েছিল, সন্ত্রাস বন্ধ হবে। কিন্তু গত ছয় মাসে বিএনপির লোকেরা শুধু তাদের লোক হত্যা করেছে ৩১ জন।”
মঞ্জু বলেন, “কী আজব ব্যাপার, কী তাজ্জব ব্যাপার! ক্ষমতা কীভাবে মানুষকে বদলে দিতে পারে—আমরা অবাক হয়ে সেটাই দেখলাম।”
পথসভায় আরও বক্তব্য দেন নাহিদ ইসলাম, অলি আহমদ, নাছির উদ্দিন পাটোয়ারী, মামুনুল হক ও গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের নেতারা। পরে কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।