বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৫ পিএম
জাতীয় ছাত্র শক্তি লোগো। ফাইল ছবি
জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের প্রথম কাউন্সিল আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও সুসংহত ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নিতে বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও গণতান্ত্রিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রথম কাউন্সিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাউন্সিলের মাধ্যমেই সংগঠনের পরবর্তী নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নির্ধারণ করা হবে।
কাউন্সিল সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এসব কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আল আমিন সরকার।
সংগঠনটির নেতারা জানান, এই কাউন্সিলের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে। একই সঙ্গে নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে তারা আশা করছেন।