প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৮ পিএম
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখছেন অতিথিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিএনপির সাবেক মহাসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শুক্রবার সকালে এই সভার আয়োজন করে জামালপুর সমিতি, ঢাকা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই, কিন্তু নীতি ও আদর্শের ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো প্রজ্ঞাবান মানুষের বড় অভাব। ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার ছিলেন তেমনই একজন বিরল রাজনীতিবিদ, যিনি ক্ষমতার ভেতরে থেকেও বিনয়ী ছিলেন এবং দলকে সুসংগঠিত রাখতে নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়েছেন। নব্বইয়ের আন্দোলনে তার ভূমিকা ও প্রতিপক্ষের প্রতি সৌজন্যবোধ আজকের রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত।
বিশেষ অতিথির বক্তব্যে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার কেবল জামালপুর বা বিএনপির নেতা ছিলেন না, তিনি ছিলেন এ দেশের বহুদলীয় গণতন্ত্রের অভিভাবক। ক্ষমতার শীর্ষ পর্যায়ে থেকেও কীভাবে মাটির কাছাকাছি থাকা যায় এবং মানুষের মন জয় করা যায়, তা তিনি দেখিয়ে গেছেন।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে জামালপুর সমিতির মহাসচিব অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, আবদুস সালাম তালুকদার শুধু সফল রাজনীতিবিদ বা দক্ষ আইনজ্ঞ ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত উঁচুমাপের একজন মানবিক মানুষ। জামালপুরের উন্নয়ন এবং যেকোনো সামাজিক ও চিকিৎসাসেবামূলক উদ্যোগে তার অবদান অপরিসীম।
অনুষ্ঠানের শুরুতে মরহুম নেতার আইন পেশা ও সামাজিক জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন জামালপুর সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান। সভায় অন্য বক্তারা বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অন্যতম সহযোদ্ধা হিসেবে সালাম তালুকদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উচ্চশিক্ষা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধের জন্য তিনি জনমনে এক স্বতন্ত্র অবস্থানে সমাসীন।
জামালপুর সমিতি, ঢাকার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আহসান হাবীবসহ সংগঠনের নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।