চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৪ পিএম
শুক্রবার দুপুরে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে লং মার্চকে স্বাগত জানিয়ে মিছিল বের করে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা শাখা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের মানুষ আর কোনো সংকট ও বৈষম্য মেনে নিতে প্রস্তুত নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চকে সামনে রেখে তিনি এই মন্তব্য করেন।
শুক্রবার দুপুরে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে লং মার্চকে স্বাগত জানিয়ে মিছিল বের করে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা শাখা। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদিঘী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাস-তেল ও সারের সংকট এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত সমাধান করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যাকারীদের বিচার ও জনগণের গণরায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
নজরুল ইসলাম আরও বলেন, “জনগণের ন্যায্য দাবি আদায় ও রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার নিশ্চিতে আগামীকালের লং মার্চ ও লালদিঘীর সমাপনী সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের ষড়যন্ত্র বা বাধা দিয়ে এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না।” দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে লং মার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
কোতোয়ালী থানা জামায়াতের আমির আমির হোসাইনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন থানা নায়েবে আমির অধ্যাপক আবদুজ জাহের। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা আহমদ রশিদ আমু, আ.ন.ম. জোবায়ের, মাওলানা মুহাম্মদ ফেরদাউস, সাইয়েদ মোহাম্মদ আলীসহ স্থানীয় নেতারা।