× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ দলীয় ঐক্যজোটের লংমার্চে গাড়ীর বহর কমলো

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:২১ পিএম

সংবাদ সম্মেলনে লংমার্চের বিভিন্ন সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরেন এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। ছবি: এনসিপি

সংবাদ সম্মেলনে লংমার্চের বিভিন্ন সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরেন এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। ছবি: এনসিপি

জনভোগান্তি নিরসন ও গণভোটের রায় বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে শনিবার জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় ঐক্য জোট ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ করবে। এতে পাঁচ–ছয় হাজার গাড়ি থাকার কথা থাকলেও জ্বালানির সংকট ও মূল্যবৃদ্ধির কারণে তা কমিয়ে এক হাজারে নামিয়ে আনা হয়েছে।

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার সকালে সমন্বয় সভা করে একথা জানানো হয়।

সভা শেষে দুপুরে সংবাদ সম্মেলনে লংমার্চের বিভিন্ন সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। 

একই সঙ্গে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত অনুষ্ঠেয় এ লংমার্চে সরকার–প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এনসিপি। দলটির নেতারা বলেছেন, লংমার্চে কেউ বাধা দিলে যা পদক্ষেপ নেওয়ার, তা জনগণই নেবে।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, “জনভোগান্তি নিরসন ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তাঁরা লংমার্চ করতে যাচ্ছেন। ছয় মাসে সরকার না গণভোটের রায় বাস্তবায়ন করেছে, না আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। এই সময়ে না বিদ্যুৎ-তেল-গ্যাস–সারের সরবরাহ ঠিক আছে, না জনগণের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর দাম সরকার নিয়ন্ত্রণে রাখতে পেরেছে।

“তা ছাড়া সরকার অতীতের জুলুম-নির্যাতনের বিচারকে একটা ফলপ্রসূ জায়গায়ও নিতে পারেনি। সামগ্রিকভাবে সরকার জনবিচ্ছিন্ন একটা অবস্থায় পৌঁছে গেছে। জনগণের দাবি–দাওয়া নিয়ে তাঁরা সংসদে কথা বললেও সরকারের পক্ষ থেকে সেগুলোকে গ্রাহ্য করার মতো মানসিকতা প্রদর্শন করা হয়নি”।

যে পথে যাবে লংমার্চ, যেখানে–যেখানে পথসভা

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কোন পথে যাবে, কোথায় কোথায় পথসভা হবে- তার বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, “এই লংমার্চ হবে ৫ সেপ্টেম্বর। সেদিন সকাল সাতটায় শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। তারা পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছেন, আলোচনা করেছেন। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী তারা সড়কের এক পাশ দিয়ে সারিবদ্ধভাবে যাবেন। পুলিশ তাদের কিছু পরামর্শ দিয়েছে। সে অনুযায়ী কর্মসূচির ক্ষেত্রে কিছু সংযোজন- বিয়োজন করা হয়েছে”।


লংমার্চের রুট প্রসঙ্গে কথা বলেন এনসিপির এই মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, “সকাল সাতটায় ১১–দলীয় ঐক্যের সবাই বিশাল মিছিল নিয়ে শাপলা চত্বরে উপস্থিত হবেন। সাতটা থেকে আটটা পর্যন্ত শাপলা চত্বরে একটি পথসভা হবে। এখানে উদ্বোধনী বক্তব্য হবে। পাশাপাশি ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। এরপর তারা রওনা দেবেন”।

সকাল নয়টার দিকে চট্টগ্রাম রোডের সিদ্ধিরগঞ্জ ট্রাকস্ট্যান্ডে উপস্থিত হবেন। সেখানে পথসভা হবে, যেটা ঢাকা থেকে বের হওয়ার পর প্রথম পথসভা। তারা কুমিল্লায় পৌঁছাবেন দুপুর ১২টায়। কুমিল্লার নূরজাহান হোটেলের বিপরীতে থাকা খালি জায়গায় পথসভা করা হবে। সেখানে শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সেখানে দুপুরের খাবারের বিরতিও হবে বলে জানিয়েছেন আখতার।

তিনি বলেন, “কুমিল্লার পর পথসভা হবে ফেনীর মহিপালে। এর সম্ভাব্য সময় বেলা তিনটা। এরপর বিকেল পাঁচটায় লংমার্চ উপস্থিত হবে শিল্প এলাকা মিরসরাইয়ে। সেখানেও পথসভায় সবাই অংশ নেবেন। এরপর তারা উপস্থিত হবেন চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে। রাত নয়টায় সেখানে লাখ লাখ লোক জমায়েত হবে”।

সবাইকে ১১ দলের লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “৫ সেপ্টেম্বরের পর লংমার্চের আরও তিনটি কর্মসূচি রয়েছে। তারমধ্যে রংপুর, সিলেট ও খুলনায়। শেষে ঢাকায় মহাসমাবেশ হবে। মহাসমাবেশ থেকে এ সরকারের খামখেয়ালিপনা থেকে শুরু করে সবকিছুর বিরুদ্ধে বার্তা দিয়ে তাঁরা দেশের মানুষকে একটা নতুন স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবেন”।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন, এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা