চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩১ পিএম
জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রামমুখী লংমার্চের ডাক দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জনগণের ন্যায্য দাবি আদায় ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামমুখী লংমার্চের ডাক দিয়েছে চট্টগ্রাম ১১ দলীয় ঐক্য।
লংমার্চের সমাপনী কর্মসূচি হিসেবে ওইদিন বিকাল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে বিশাল সমাবেশ।
বৃহস্পতিবার দুপুরে নগরীর বিআইএ ভবনে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জনগণের ন্যায্য দাবি আদায় এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবি জোরালো করার লক্ষ্যে এই লংমার্চ ও সমাবেশের আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে বিভিন্ন সংকট ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, সারের সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংকীর্ণ দলীয়করণ সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিল, তা বাস্তবায়নের পথে এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনিষ্পন্ন রয়েছে।
সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিতের দাবি জানিয়ে বলা হয়, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রতিটি হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট অবিলম্বে নিরসন করতে হবে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার সিন্ডিকেট ও কৃত্রিম মূল্যবৃদ্ধি বন্ধ করত্বে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এবং
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করে যোগ্যতা, দক্ষতা ও ন্যায়নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে।
মুহাম্মদ শাহজাহান বলেন, লংমার্চের মূল লক্ষ্য হলো জনগণের ন্যায্য দাবিগুলো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের সামনে তুলে ধরা এবং দেশবাসীকে এসব দাবির বিষয়ে ঐক্যবদ্ধ করা।
এই কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উপায়ে অনুষ্ঠিত হবে এবং অংশগ্রহণকারী সকলের প্রতি দায়িত্বশীল আচরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। সমাবেশস্থলে শৃঙ্খলা বজায় রাখা, আগত মানুষের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং সমাবেশ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চট্টগ্রামবাসীসহ সর্বস্তরের জনগণের প্রতি লংমার্চ ও সমাবেশে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যাপক নুরুল আলম চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউল হোসাইন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফফর মো. আওলাদসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।