বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রামের চন্দনাইশে আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের মানুষের জন্য বর্তমান প্রধানমন্ত্রী একজন অত্যন্ত মানবিক প্রধানমন্ত্রী। আগামী এক হাজার বছরেও বাংলাদেশে এমন মানবিক প্রধানমন্ত্রী আর আসবেন না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রামের চন্দনাইশে আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য জসীম উদ্দিন আহমেদ বলেন, “এই মানবিক প্রধানমন্ত্রী, আগামী এক হাজার বছরেও এই রকম মানবিক প্রধানমন্ত্রী এই বাংলাদেশে আসবে না।”
স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, “মানুষের একটা টাকার হক বা হারামের টাকা আমার রক্তের মধ্যে ঢুকবে না। জনগণের জন্য বরাদ্দ করা অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করা হবে।”
উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, টিআর-কাবিখাসহ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া বিভিন্ন বরাদ্দ সঠিকভাবে কাজে লাগানো হবে। প্রতিটি ইউনিয়নে ছোটখাটো রাস্তাঘাট, কালভার্ট- যেখানে যা প্রয়োজন, তা অগ্রাধিকার ভিত্তিতে করে দেওয়া হবে। চন্দনাইশ-সাতকানিয়া এলাকায় সবকিছু ন্যায় এবং স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজ এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে গাছবাড়িয়া খানহাট এলাকায় এসে আলোচনা সভায় মিলিত হয়।