× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষাৎকার

জনগণের আস্থা ধরে রাখাই লক্ষ্য সাক্ষাৎকারে রিজভী

মজুমদার ইমরান

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১০:০২ এএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৫ এএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। কোলাজ: এআই

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। কোলাজ: এআই

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্রযন্ত্রকে জবাবদিহির আওতায় আনাই বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। একই সঙ্গে অর্থনৈতিক সংকট মোকাবিলা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গুম-খুনের ন্যায়বিচার নিশ্চিত করা, রাষ্ট্র নির্মাণে তরুণদের সম্পৃক্ততা এবং ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়নের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের পথে হাঁটছে বিএনপি। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিদিনের বাংলাদেশ-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দল নিয়ে নানা কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক মজুমদার ইমরান। 

প্রতিদিনের বাংলাদেশ: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?

রুহুল কবির রিজভী: বাংলাদেশ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে একটি নতুন পর্যায়ে এসেছে। এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনা।

প্রতিদিনের বাংলাদেশ: সরকার পরিচালনার ক্ষেত্রে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?

রুহুল কবির রিজভী: মানুষের প্রত্যাশা অনেক বেশি। দীর্ঘদিনের সংকট এক দিনে সমাধান করা সম্ভব নয়। অর্থনীতি, কর্মসংস্থান, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলাÑ সব ক্ষেত্রেই জনগণ দ্রুত পরিবর্তন দেখতে চায়। আমাদের দায়িত্ব হচ্ছে বাস্তবসম্মতভাবে সমস্যাগুলো সমাধান করা এবং জনগণের আস্থা ধরে রাখা।

প্রতিদিনের বাংলাদেশ: বিএনপির ৩১ দফা নিয়ে আপনারা অনেক কথা বলেছেন। এর কতটা বাস্তবায়ন হয়েছে? রুহুল কবির রিজভী : ৩১ দফা শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়; এটি রাষ্ট্র সংস্কারের একটি রাজনৈতিক রূপরেখা। ইতোমধ্যে এর বড় একটি অংশ বাস্তবায়নের পথে এগিয়েছে। তবে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। রাষ্ট্রকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার ক্ষমতার অপব্যবহার করতে না পারে।

প্রতিদিনের বাংলাদেশ: আপনি সম্প্রতি বলেছেন, টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি। এর অর্থ কী? 

রুহুল কবির রিজভী: শুধু সংবিধান পরিবর্তন বা নতুন আইন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং জনগণের কাছে জবাবদিহির মানসিকতা থাকতে হবে। ক্ষমতায় থাকা দল যেমন বিরোধী মতকে সম্মান করবে, তেমনি বিরোধী দলও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থাশীল থাকবে।

প্রতিদিনের বাংলাদেশ: ২০২৪ সালের জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। বিএনপির অবস্থান কী? 

রুহুল কবির রিজভী: জুলাই আন্দোলন ছিল ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দল এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রয়াস। এটিকে কোনো একক ব্যক্তি বা সংগঠনের কৃতিত্ব হিসেবে দেখা ঠিক হবে না। তবে দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন ও মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সেই পরিস্থিতি তৈরিতে ভূমিকা রেখেছিল।

প্রতিদিনের বাংলাদেশ: আপনারা প্রায়ই আগের সরকারের গুম, ক্রসফায়ার ও নিপীড়নের কথা বলেন। এখন রাষ্ট্রের কাছে আপনার প্রত্যাশা কী?

রুহুল কবির রিজভী: রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কোনো ব্যক্তিকে গুম করা, বিচারবহির্ভূতভাবে হত্যা করা কিংবা রাজনৈতিক মতের কারণে হয়রানি করা গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়। এসব বিষয়ে সত্য উদঘাটন এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

প্রতিদিনের বাংলাদেশ: বর্তমান সরকারের বিরুদ্ধে যদি ভবিষ্যতে জনগণের অসন্তোষ তৈরি হয়, তখন আপনারা কীভাবে তা মোকাবিলা করবেন?

রুহুল কবির রিজভী: জনগণের অসন্তোষকে ভয় পাওয়ার কিছু নেই। গণতান্ত্রিক সরকারকে জনগণের কথা শুনতে হবে। ভুল হলে তা স্বীকার করে সংশোধন করতে হবে। সরকারকে মনে রাখতে হবেÑ ক্ষমতা জনগণের আমানত।

প্রতিদিনের বাংলাদেশ: বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সম্পর্ক কেমন হওয়া উচিত?

রুহুল কবির রিজভী: রাজনৈতিক মতপার্থক্য থাকবেই। কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে সংলাপ ও সহযোগিতার জায়গা থাকতে হবে। সংসদ, গণমাধ্যম ও রাজপথÑ সব জায়গাতেই ভিন্নমত প্রকাশের সুযোগ থাকা দরকার। গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে মতের ভিন্নতা।

প্রতিদিনের বাংলাদেশ: অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ অনেক। সরকার কীভাবে তা মোকাবিলা করবে? 

রুহুল কবির রিজভী: মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করা, সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টিÑ এসব বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। অর্থনীতির সুফল শুধু পরিসংখ্যানে নয়, মানুষের দৈনন্দিন জীবনেও দৃশ্যমান হতে হবে।

প্রতিদিনের বাংলাদেশ: তরুণদের জন্য আপনার বার্তা কী? 

রুহুল কবির রিজভী: তরুণরাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তাদের শুধু রাজনৈতিক স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান, প্রযুক্তি ও উদ্যোক্তা তৈরির সুযোগ দিতে হবে। রাষ্ট্রকে তরুণদের ভবিষ্যৎ নির্মাণের সহযোগী হতে হবে।

প্রতিদিনের বাংলাদেশ: মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনৈতিক বিতর্ক এখনও আছে। আপনার অবস্থান কী? 

রুহুল কবির রিজভী: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের গৌরবময় অধ্যায়। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গৌরবকে কোনোভাবেই খাটো করা উচিত নয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক বিভাজনের হাতিয়ার না বানিয়ে গণতন্ত্র, স্বাধীনতা, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে দেখতে হবে।

প্রতিদিনের বাংলাদেশ: বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আপনারা কোন বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান?

রুহুল কবির রিজভী: বাংলাদেশের জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো দেশের সঙ্গে সম্পর্ক যেন বাংলাদেশের স্বার্থের পরিপন্থী না হয়। পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে হবে। আমাদের স্লোগানÑ ‘সবার আগে বাংলাদেশ’। বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রাখতে হবে। এটাই আমাদের পররাষ্ট্রনীতির মূল কথা।

প্রতিদিনের বাংলাদেশ: শেষ প্রশ্নÑ মানুষ আপনাদের সরকারের কাছে সবচেয়ে বেশি কী প্রত্যাশা করতে পারে?

রুহুল কবির রিজভী: মানুষ একটি নিরাপদ, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ চায়। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি রাষ্ট্র গড়ে তোলা, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে পারবে। জনগণের আস্থা অর্জন এবং সেই আস্থা ধরে রাখাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।

প্রতিদিনের বাংলাদেশ: ভালো থাকবেন। 

রুহুল কবির রিজভী: আপনিও ভালো থাকবেন। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা